বিএনপি জামায়াতের অর্ধশত নেতা-কর্মী গ্রেফতার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৪৯
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কোথাও সুনির্দিষ্ট অভিযোগে কোথাও নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়।
আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। খুলনা অফিস জানায়, খুলনার পাইকগাছা উপজেলায় জামায়াত-শিবিরের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতভর পৃথক অভিযান চালিয়ে নাশকতার আশংকায় তাদের আটক করা হয়। দিনাজপুর থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার মামলায় দিনাজপুরে সাত জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এছাড়া কুমিল্লায় তিনজন, বান্দরবানে দুইজন, মানিকগঞ্জের শিবালয়ে একজন, নরসিংদী থেকে তিনজন বিএনপি ও জামায়াত কর্মীকে আটকের খবর দিয়েছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।