সংসদ ভাঙ্গার সুপারিশ করবে ইসি কাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানাবে কমিশন। আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে এই প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের দায়িত্বশীল সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার সাক্ষাতের বিষয়টি গতকাল রবিবার বিকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠির মাধ্যমে কমিশনকে জানানো হয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পাওয়ার পর পরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ অন্যান্য কমিশনার ও সচিবের সঙ্গে আলোচ্যসূচি নিয়ে বৈঠক করেছেন। সংসদ বহাল রেখে নির্বাচন আয়োজন অত্যন্ত কঠিন হবে বলে ধারণা কমিশনের। এই বাস্তবতায় ওই বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙ্গে দেয়ার বিষয়ে রাষ্ট্রপতির কাছে অবগত করার বিষয়ে একমত হয়েছেন তারা। কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচনের আগে এবং পরে সব মিলিয়ে ৫ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে অনুরোধ করবে।