রায়ের আগে গাড়ি ভাংচুর, পরে মিষ্টি বিতরণ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৫০
তারেক রহমানের মামলার রায় ঘোষণার আগেই বগুড়ায় বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা। আর রায় ঘোষণার পর বের করে আনন্দ মিছিল, নেতাকর্মীদের মাঝে বিতরণ করে মিষ্টি।
রবিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থপাচার সংক্রান্ত মামলার রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন মোড় এবং মহাসড়কে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। ঢাকার আদালতে রায় পড়া শুরু হওয়া মাত্রই নেতাকর্মীরা সড়ক-মহাসড়কে গাড়ি ভাংচুর শুরু করে। বিএনপি কর্মীরা গতকাল সকালে শেরপুর রোডে টিআর পরিবহনের একটি যাত্রীবাহী কোচে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করলে ওই কোচের হেলপার ও সুপারভাইজার এবং দুই যাত্রী আহত হন। একই সময় ঢাকা-রংপুর মহাসড়কে শহরতলীর মাটিডালি মোড়ে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে তাতে আগুন লাগানোর চেষ্টা করা হয়। এছাড়া একই সড়কের বারপুর ও সিলিমপুরে দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রামে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর এবং একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়।
কিন্তু রায় ঘোষণার পর তারেক রহমান নির্দোষ প্রমাণিত হলে দলীয় কার্যালয়সহ বিভিন্ন এলাকা থেকে বের করা হয় আনন্দ মিছিল, বিতরণ করা হয় মিষ্টি।