পিস্তল দিয়ে ভয় দেখানোয়...
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৫১
আইন সবার জন্য সমান। তা তিনি প্রধানমন্ত্রী হোন কিংবা যারা কারাদণ্ড দেন সেই গোত্রের কেউ হোক না কেন। যুক্তরাষ্ট্রে এক অ্যাটর্নির এক বছর কারাদণ্ড হয়েছে। তার অপরাধ তিনি গাড়ি পার্কিং নিয়ে বিবাদের জের ধরে এক লোকের দিকে তার পিস্তল তাক করে ভয় দিয়েছিলেন!
ম্যাসাচুসেটসের লিবার্টি ট্রি মল নামের একটি স্থানে গাড়ি পার্কিং করেছিলেন অ্যাটর্নি রিচার্ড কনোরসের স্ত্রী। গাড়ি পার্কিং নিয়ে স্ত্রীর সঙ্গে পাশের একটি গাড়ির মালিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা বাড়তে থাকে। এখবর পেয়ে রিচার্ড আসেন এবং তিনিও ওই ব্যক্তির সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে কনোরস তার পিস্তল বের করেন এবং গুলি করার হুমকি দেন। আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পুলিশের ৯১১ নম্বরে ফোন করেন। পুলিশ এসে অ্যাটর্নিকে গ্রেফতার করে। পরে তার দোষ প্রমাণিত হওয়ায় আদালত এক বছরের কারাদণ্ড দেন। ক্ষমতার অপব্যবহারের ফল! -ইউপিআই