এরশাদ কিংবা সরকারের ছক যা-ই হোক হেফাজত নিজ পথেই এগিয়ে যাবে
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৩, ২২:৫২
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত চরিত্র এরশাদ চট্টগ্রামে আল্লামা শাহ্ আহমদ শফীর সাথে দেখা করার সংবাদে কৌতূহল সৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, চারদলীয় জোট, মহাজোটসহ সব জোটের ঘাটে পানি খাওয়া এরশাদ সম্ভবত নতুন জোট গঠন করবেন। তার আগে তিনি চট্টগ্রামে গিয়ে হেফাজতের খুশবু ব্যবহার করতে চাইছেন। আর সে খুশবু দিয়ে তিনি জনগণকে মাতোয়ারা করার পরিকল্পনা করছেন। রাজনৈতিক চরিত্রে শেষ কথা বলে কিছু নেই তা সত্য। কিন্তু হেফাজতের বেলায় তা অসত্য। আমাদের প্রথম এবং শেষ কথা ১৩ দফা। এরশাদ কারো বার্তা পৌঁছে দিতে আমীরে হেফাজতের কাছে গিয়েছেন নাকি ‘দুআনাটক’ করে অন্যকিছু করতে চাইছেন, তা আমাদের জানা। তিনি বলেন, এরশাদের এ যাত্রা আওয়ামী লীগের কোনো কৌশলী ছক হোক কিংবা তার নিজস্ব পরিকল্পনা হোক, হেফাজত নিজ পথেই এগিয়ে যাবে। কথায় কথায় ভোল পাল্টানো হয়তো রাজনীতিতে সম্ভব, কিন্তু ঈমান ও আকিদার আন্দোলনের সিপাহসালার আল্লামা শাহ আহমদ শফীর বেলায় তা অসম্ভব। এ সত্য এবং বাস্তবতার প্রমাণ দেশবাসী দেখেছে এবং ভবিষ্যতেও দেখবে।
বিবৃতিতে তিনি বলেন, এরশাদ দেশের সরলমনা ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতেই মিডিয়ায় ‘নির্বাচনে যেতে হেফাজত আমীরের দোয়া ও সমর্থন নিয়েছেন’ বলে প্রচার করছেন। ইতিপূর্বে তিনি ‘মহাজোটে আছি, নেই, থাকব না’ এমন বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ধোঁকা দেয়ার পাঁয়তারা করেছেন। সমপ্রতি বি. চৌধুরী, কাদের সিদ্দিকীর কাছেও তিনি ধরা খেয়েছেন। জনগণ তার কথায় বিভ্রান্ত হবে না। বরং তিনিই ব্যর্থতার পথ বেছে নিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি