অনলাইনে শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে একযোগে কাজ শুরু করেছে মাইক্রোসফট ও গুগল

অনলাইনে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত ছবি সার্চ রেজাল্ট থেকে বাদ দিতে একসাথে কাজ শুরু করেছে দুই টেক জায়ান্ট গুগল এবং মাইক্রোসফট। উভয় প্রতিষ্ঠানই তাদের নিজ নিজ সার্চ ইঞ্জিনে নতুন এমন অ্যালগরিদম ব্যবহারের সূচনা করেছে যা শিশু পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট কোনো ছবিকে সার্চ রেজাল্ট থেকে বাদ দিয়ে দেবে। শুধু তাই নয়, এই ধরনের সার্চের রেজাল্টের সাথে ‘শিশু পর্নোগ্রাফি অবৈধ’ শীর্ষক একটি ম্যাসেজও চলে আসবে। উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন চালু করা এই অ্যালগরিদমের মাধ্যমে ইতোমধ্যেই লক্ষাধিক সার্চ টার্ম ব্যবহার করে শিশু পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট ছবিকে সার্চ রেজাল্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলে এক লেখায় গুগল’র নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিথ জানিয়েছেন, অনলাইনে শিশু পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট সব ধরনের ছবি শেয়ারিং রোধ করতে এবং এই ধরনের ছবি খুঁজে পাওয়াকে অসম্ভব করে তুলতে মাইক্রোসফটকে নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। আর তারই ফলে গুগল’র সার্চ রেজাল্টে এই ধরনের কোনো ছবি যেন কেউ খুঁজে না পায়, তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। তিনি জানান, ইতোমধ্যেই যেসব সার্চ টার্ম থেকে এই ধরনের ছবি খুঁজে বের করা যেত, তার মধ্যে লক্ষাধিক টার্ম থেকে আর কোনো ফলাফল সার্চ রেজাল্টে আসবে না। খুব শীঘ্রই দেড় শতাধিক ভাষায় এই পরিবর্তনটি কার্যকর করা হবে। ফলে বিশ্বব্যাপীই শিশু পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট ছবি অনলাইনে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। যুক্তরাজ্যেই প্রথম এই ফিচারটি চালু হবে বলেও জানান তিনি। গুগল সার্চের পাশাপাশি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনেও একই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। গুগল এবং মাইক্রোসফটের একযোগে কাজ করার খুব বেশি নজির না থাকলেও শিশু পর্নোগ্রাফি ইস্যুতে তাদের একত্রিত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।