তৃতীয় স্ত্রীর মামলায় গ্রেফতার হলেন ওয়ারফেজ ব্যান্ডের মিজান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:০০
নারী নির্যাতন মামলায় গ্রেফতার হলেন জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজের ভোকাল মিজান। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গতকাল দুপুরে তাকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামের পাঁচলাইশ থানায় গত ১৭ নভেম্বর মিজানের তৃতীয় স্ত্রী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তিনি মামলায় শারীরিক ও মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন। আরও উল্লেখ করেছেন সম্পত্তি দখলের কথাও। উল্লেখ্য, গত বেশ ক’বছর ধরে ওয়ারফেজ ব্যান্ডের ভোকাল হিসেবে কাজ করছেন তিনি। তার গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে শ্রোতা মহলে। সর্বশেষ ‘সত্য’ অ্যালবামটি প্রকাশ পায়।
উল্লেখ্য, কিছুদিন আগে আরেক কণ্ঠশিল্পী আরেফিন রুমীও নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার হন। যদিওবা, পরদিন তার স্ত্রী মামলা তুলে নিলে মুচলেকা দিয়ে ছাড়া পান আরেফিন রুমি।