ছোটপর্দায় ‘চোখের বালি’
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:০১
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হলো নাটক ‘চোখের বালি’। নাটকটি নিয়ে গবেষণা করেছেন রবীন্দ্র গবেষক ড. পবিত্র ভাণ্ডারী। তিনি বলেন, দীর্ঘ দুই-তিন বছর ধরে আমরা ‘চোখের বালি’ উপন্যাসটি নিয়ে গবেষণা করেছি। এই নাটকটির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ও সমাজ পরিবর্তনের কাঙ্ক্ষিত রূপ তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটির নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার ও পরিচালনা করেছেন পঙ্কজ ঘোষ। নাটকটির পরিচালক বলেন, ‘একটি ভালো কাজ করতে গেলে এর পেছনে অনেক সময় ব্যয় করতে হয়। নাটকটির শুটিং করেছি রাজধানী ঢাকার টিকাটুলি, পুবাইল, আফতাব নগর ও কালিয়াকৈরে। অনেক চেষ্টা করেছি দর্শকদের ভালো একটি নাটক উপহার দেওয়ার জন্য। আশা করছি আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও দর্শক অনেক ধারাবাহিক নাটকের মাঝে আমাদের এই নাটকে নতুনত্ব পাবে।’ নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিথি বিশ্বাস, নওশীন, চিত্রলেখা গুহ, রামিজ রাজু, কাজী শিলা, শুভ্রা বিশ্বাস, সংগীতা চৌধুরী, কাজী মুন, পংকজ মজুমদার, জীবন সেন, খায়রুল আলম টিপু, আমিনুল হক আমীন, রাফান, রেখা গুণ, ইউজিন গোমেজ প্রমুখ।