প্রাইভেট পড়লেই পাস !

প্রাইভেট পড়লেই পাস, না পড়লে ফেল। এমন অভিযোগ উঠেছে কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের ইংরেজি শিক্ষক গৌরাঙ্গ লাল কর্মকারের বিরুদ্ধে। ৪১ জন শিক্ষার্থীকে প্রাইভেট না পড়ার কারণে ফেল দেখিয়েছেন ওই শিক্ষক। বাধ্য হয়ে ফেল করা ওই শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন। গৌরাঙ্গ লাল কর্মকার আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, যারা পরীক্ষার খাতায় সঠিক উত্তর দিয়েছে কেবলমাত্র তারাই পাস করেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপন কুমার দে বলেন, অভিযোগকারীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ফেল করেছে, তাই নানা কথা বলছে।