দামেস্কে বোমা হামলায় ৩১ সেনা নিহত

দামেস্কের একটি প্রশাসনিক ভবনে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল একথা জানিয়েছে। দামেস্কের উত্তর-পূর্বে হারাসতায় রবিবার রাতে এই বিস্ফোরণ ঘটে। নিহত সেনাদের মাঝে তিনজন জেনারেল এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল। সিরিয়ার সরকারি বাহিনী দামেস্কে বিদ্রোহীদের ওপর আক্রমণ জোরদার করেছে। বোমা হামলার সময় ভবনে শুধু রাতের পালার সেনারা কাজ করছিল। এক ঘন্টা আগে বোমা বিস্ফোরণ ঘটলে প্রায় ২ শত সেনা নিহত হতো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বলেন, বোমাটি হয় ভবনের ভিতরে অথবা নিচে পাতা ছিল। বিদ্রোহী গ্রুপ দিরে আল আসমেহ হামলার কথা স্বীকার করেছে। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধসে পড়ে। তবে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা এখনও বোঝা যায়নি। সরকারি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোন বিবৃতি দেয়নি। সম্প্রতি সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের ওপর হামলা জোরদার করেছে। অন্যদিকে রাজধানীতে বোমা ও মর্টার হামলা বাড়িয়েছে বিদ্রোহীরা। হারাসতা মূলত সরকারের নিয়ন্ত্রণে থাকলেও বিদ্রোহীরা গত বছরের গ্রীষ্ম থেকে এলাকাটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।