আরাফাতের মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত দাবি আব্বাসের
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৫৮
ফিলিস্তিনের তত্কালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুর পেছনে কোন ষড়যন্ত্র ছিল কী না তা জানার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত রবিবার আব্বাস ফাতাহ পার্টির কেন্দ্রীয় কমিটি সূত্রে একথা জানিয়েছে। কায়রো সফররত মাহমুদ আব্বাস আরব লীগের মহাসচিবের কাছে ইয়াসির আরাফাতের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। আব্বাস ফাতাহ পার্টির এক কেন্দ্রীয় কমিটির মুখপাত্র নাবিল আবু আরদিনাহ একথা নিশ্চিত করেছেন।
২০০৪ সালে প্যারিসের নিকটবর্তী একটি ফরাসী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রক্তে জটিলতায় অসুস্থ হয়ে ইয়াসির আরাফাত মারা যান। কিন্তু গতবছর তার ব্যবহূত জিনিসপত্র ও মৃতদেহ পরীক্ষা থেকে পাওয়া নমুনায় সন্দেহ করা হচ্ছে তার ওপর তেজস্ক্রিয় পোলোনিয়াম ২১০ নামক বিষ ব্যবহার করা হয়ে থাকতে পারে।