যশোরে ছুরিকাঘাতে জুটমিল শ্রমিক নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম শহিদ (৩৩) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। নিহত শহিদ মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের লোকমান হোসেন কাজীর ছেলে এবং যশোরের আফনান জুটমিলের শ্রমিক। পুলিশ এ ঘটনায় মেহেদী হাসান টফি নামে একজনকে আটক করেছে। আটক টফি উপশহর বিরামপুর এলাকার আসলাম হোসেনের ছেলে।

নিহত শহিদের সহকর্মী শাহীন জানিয়েছেন, শহিদ সোমবার দুপুরে ডিউটি শেষ করে গেট থেকে একশ’ গজ দূরে বাহাদুরপুর জেসগার্ডেন এলাকার টিটুর চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র আনসার আলী ওরফে আমছার আলী, হাবু ওরফে আবু, জিয়ারুল এবং মেহেদী হাসান টফি তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই আমছার কোমরে থাকা চাকু বের করে শহিদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় শহিদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

আটক মেহেদী হাসান টফি জানিয়েছেন, তার মামা আমছার আলীর স্ত্রীর সঙ্গে শহিদের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে গত শুক্রবারে স্থানীয়ভাবে সালিশ মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ওই সালিশে কোনো সুষ্ঠু সমাধান না হওয়ায় আমছার আলী শহিদকে খুন করার পরিকল্পনা করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, শহিদ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে।