রোনালদো-ইব্রা আবার মুখোমুখি

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য বাছাই পর্বের প্লে-অফের দ্বিতীয় লেগের খেলায় আজ মুখোমুখি হচ্ছে সুইডেন ও পর্তুগাল এবং ফ্রান্স ও ইউক্রেন। প্রথম লেগের খেলায় পর্তুগাল আজকের স্বাগতিক সুইডেনকে ১-০ ব্যবধানে পরাজিত করেছিল। আর অপ্রত্যাশিতভাবে ইউক্রেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হওয়ায় ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে আজ বড়ো ব্যবধানেই জয় তুলে নিতে হবে। এছাড়া রোমানিয়ার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় দিয়ে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপের পথে বেশ অনেকটা এগিয়ে গেছে সাবেক ইউরোপীয়ান চ্যাম্পিয়ন গ্রীস। স্টোকহোমে ঘরের মাঠে পর্তুগালের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সুইডেনকে। দুই দলের লড়াইটা মূলত ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জ্লাটান ইব্রাহিমোভিচের লড়াই বলে মনে করা হচ্ছে। তবে লিসবনে প্রথম লেগের লড়াইয়ে এগিয়ে গেছেন রোনাল্ডো। ‘সিআর সেভেন’র একমাত্র গোলে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল সুইডিশরা। আর সুইডিশদের মূল ভরসা ইব্রাহিমোভিচ এদিন কোনো গোল পাননি। এক বছর আগে এই স্টেডিয়াম তৈরির পর থেকে ১০টি গোল করেছেন তারকা এই ফরোয়ার্ড। আজ দেখার পালা দেশকে ব্রাজিলের টিকিট এনে দেয়ার জন্য কতোটা সফল হন বর্তমান সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। অপরদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে ফ্রান্স। তাদের সামনে ১৯৯৪ সালের পরে এই প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ইউক্রেন এর আগে তাদের তিনটি আসরের প্লে-অফেই পরাজিত হয়ে মূল পর্ব থেকে ছিটকে পড়েছিল। তবুও প্রথম লেগে দুই গোলের সুবিধা হাতে নিয়েই তারা কাল প্যারিসে খেলতে যাবে। শুক্রবার কিভের মাটিতে ফ্রান্সের এই পরাজয় দেশটির গণমাধ্যমে সাবেক তারকাদের সমালোচনা ছিল আলোচ্য বিষয়। লেস ব¬ুজদের এই ব্যর্থতা দেশটির গণমাধ্যমেরও প্রধান শিরোনাম হিসেবে এসেছে। ফ্রেঞ্চ স্পোর্টস দৈনিক এল’ ইকুইপ তাদের প্রথম পাতায় খেলোয়াড়দের সমালোচনা করে হেডলাইন করেছে ‘রেড এ্যালার্ট’। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সেন্টার ব্যাক ফ্র্যাংক লিবোয়েফের বরাত দিয়ে ফরাসী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তারা আমাদের দেখিয়েছে ব্রাজিলে খেলার মত সেই মান ফ্রান্সের নেই। কারণ তারা সেখানে যাবার মত কোন কিছুই ম্যাচে দেখাতে পারেনি।’ তবে ঘরের মাঠে ইউক্রেনিয়ারদের বিপক্ষে উতরে যেতে হলে ফ্রান্সের আরেকটি সমস্যার মুখোমুখি হতে হবে। গত ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড পাওয়ায় কাল খেলতে পারছেন না দলের রক্ষণভাগের মূল ভরসা আর্সেনালের ডিফেন্ডার লরেন্ট কোলচেন্সকি। তবে বড়ো জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা জানালেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকেই তাদের উপর চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করবো। মঙ্গলবার আমরা শেষ লড়াইয়ে মাঠে নামছি। ঘুড়ে দাঁড়ানোর মত ক্ষমতা আমাদের আছে, আর আমাদের সেটা করতেই হবে।’ তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে প্রথমবারের মত কোন ছোট ফুটবল খেলুড়ে দেশ হিসেবে বিশ্বকাপের খেলার কৃতিত্ব এখন অনেকটাই ম্ল¬ান হয়ে গেছে আইসল্যান্ডের। জাগ্রেবের মাঠে আগামীকাল বিস্ময়কর কিছু না ঘটলে আইসল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন এবারও অধরাই থেকে যাবে। এছাড়া আজ রোমানিয়ার মাঠে বড়ো ব্যবধানে পরাজিত না হলে ব্রাজিলের টিকিট নিশ্চিত হয়ে গেছে গ্রিসের। ইতোমধ্যেই ইউরোপ থেকে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে নেদারল্যান্ড, ইতালি, বেলজিয়াম, জার্মানী, সুইজারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, রাশিয়া ও বসনিয়া-হার্জেগোভেনিয়া। এই জোন থেকে প্লে-অফের ফলাফলের ভিত্তিতে আরো চারটি দল ব্রাজিলের টিকেট পাবে।-বাসস