মালদ্বীপের নয়া প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১০
আব্দুল্লাহ ইয়ামিন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নবনির্বাচিত প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আপনার ও মালদ্বীপের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।
শেখ হাসিনা বলেন, আমি সার্কভুক্ত দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ, সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদারের অপেক্ষায় রয়েছি।