দশ কর্মকর্তার বিরুদ্ধে ২৩ মামলার অনুমোদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১২
ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের বরিশাল বিভাগের রায়পাশা শাখার ১০ কর্মকর্তার বিরুদ্ধে ২৩টি মামলার প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি সপ্তাহে কমিশন এ সংক্রান্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে এসব মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন। এরই মধ্যে মামলার অনুমোদন কপি বরিশালের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। দু’-একদিনের মধ্যে মামলা দায়ের হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদকের প্রতিবেদনে আসামি হিসেবে যাদের নাম রয়েছে তারা হলেন গ্রামীণ ব্যাংকের রায়পাশা শাখার সাবেক ব্যবস্থাপক মো. দেলোয়ার হাসান, সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোছা. কামরুন নাহার, রিপন মিয়া, ওমর ফারুক, মো. মনিরুজ্জামান, সাবেক কর্মকর্তা মো. শাহ আলম, মোছা. মমতাজ বেগম ও রতন প্রভা হালদার।
দুদক সূত্র জানায়, বরিশাল জেলার গ্রামীণ ব্যাংক রায়পাশা শাখার ২২২ সদস্যের কাছ থেকে ঋণ প্রস্তাব ও ঋণ বিতরণ খতিয়ানে স্বাক্ষর নিয়ে তাদের নামে ৭০ লাখ ৪২ হাজার ৫১৬ টাকা উত্তোলন করা হয়। কিন্তু ওই টাকা তাদের না দিয়ে পারস্পরিক যোগসাজশে আত্মসাত্ করে অভিযুক্ত কর্মকর্তারা। বিষয়টি দুদকের কাছে অভিযোগ আকারে আসে এবং তা আমলে নিয়ে অনুসন্ধানের পর অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়ায় সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হাসানসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে ২৩ মামলার অনুমোদন দেয় দুদক। কমিশন দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারায় মামলা রুজু করার অনুমতি প্রদান করেন।