প্রাইভেট রোগী দেখতে ডাক্তারদের সর্বোচ্চ ফি হচ্ছে ৫০০ টাকা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. আ. ফ. ম রুহুল হক বলেছেন, বিভিন্ন হাসপাতালের চিকিত্সকদের প্রাইভেট রোগী দেখার ক্ষেত্রে ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হবে। এক সপ্তাহ বিরতির পর গতকাল সোমবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে টেবিলে উপস্থাপন করা প্রশ্নোত্তর পর্বে মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী জানান, গত নয় বছরে দেশে মাতৃ মৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০০১ সালে মাতৃ মৃত্যুর হার ছিলো প্রতি এক লাখে জীবিত জন্মে ৩২২। এ হার ২০১০ সালে নেমে দাঁড়িয়েছে ১৯৪। আর ২০১০ সালের জরিপে যে চিত্র বেরিয়েছে তাতে দেখা যায় প্রতি বছর প্রায় সাত হাজার ৩৩২ জন মা মারা যায়। মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।