মোহনপুরের সেই ওসি ক্লোজ

অবশেষে রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনকে ক্লোজ করা হয়েছে। গতকাল সোমবার তাকে ক্লোজ করা হয়। অপহরণের মামলার আসামির স্বজনের হুমকি আর ধারাবাহিক অপমানের গ্লানি থেকে মুক্তির জন্য স্কুলছাত্রী সুমাইয়া আকতার বর্ষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার আগেই পুলিশের কাছে ধর্ষণের মামলা করতে যান মেয়েটির বাবা; কিন্তু মোহনপুর থানার ওসি আবুল হোসেন ধর্ষণ মামলা না নিয়ে বর্ষার বাবাকে পিটিয়ে দাঁত ভেঙে দেওয়ার হুমকি দেন। শুধু তাই নয়, ভিকটিমের পরিবারের সদস্যরা যাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে না পারেন, সেজন্য বর্ষার পিতাকে পরপর চারদিন থানায় ডেকে গভীর রাত পর্যন্ত আটকে রেখে হয়রানি করেন বলে অভিযোগ উঠেছে। পরে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (বর্তমানে এডিসি) মাধ্যমে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে ওসি অপহরণ মামলা রেকর্ড এবং দুই আসামিকে গ্রেফতারে বাধ্য হন বলে জানা যায়।