বিমান হামলায় সিরিয়ার বিদ্রোহী প্রধান নিহত

সিরিয়ার বিদ্রোহী বাহিনী লিওয়া আল-তৌহিদ বিগ্রেডের প্রধান মারা গেছেন। একথা জানিয়েছে বিদ্রোহীরা। গত সপ্তাহে বাশার বাহিনীর বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। সোমবার বিদ্রোহী সংগঠনটি ফেসবুকে জানায়, ‘আব্দেল কাদের সালেহ্ শহীদ হয়েছেন।’ অপরদিকে, ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানায়, ‘হাজি মারেয়া নামে পরিচিত আব্দেল কাদের সালেহ্ মারা গেছেন। বৃহস্পতিবার লিওয়া আল-তৌহিদের এই নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন।’ মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান এএফপিকে বলেন, ‘আহত হবার পর তাকে তুরস্কে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। দাফন করার জন্য তার মরদেহ সিরিয়ায় ফিরিয়ে আনা হয়েছে।’