বাজিতপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ১ জনের ফাঁসি
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫১
কিশোরগঞ্জের বাজিতপুরের মাইজচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল্লাহ রবি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ১২ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান। গতকাল সোমবার এই রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটজন আসামি উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাহবুবুর রহমান রুবেল, ফ্রিডম সোহেল, রূপক, সাহেল মিয়া অনুপস্থিত ছিলেন। অন্যান্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দয়াল মিয়া, রানা সিকদার, শাহীন মিয়া, আবুল মিয়া, প্রকাশ মিয়া, মামুন মিয়া, নূরুল ইসলাম (সুজিত) ও আনারস মিয়া ।
২০০৫ সালের ২৫ এপ্রিল দুর্বৃত্তরা বাজিতপুর সদরের বসন্তপুরে রবিউল্লাহ রবির উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে। চিকিত্সাধীন অবস্থায় ১০ দিন পর ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে মাহবুবুর রহমান রুবেল কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ছেলে।