খুলনায় ডা. গৌরাঙ্গের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে সমাবেশ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫৩
নগরীর মৈত্রী নার্সিং হোমের মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসের হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার মিছিল সমাবেশ করেছেন খুলনার চিকিত্সকরা। দুপুর ১২টায় নগরীর কেডিএ এভিনিউস্থ শহীদ ডা. মিলন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা-১১টা খুলনার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে কর্মবিরতি পালন এবং বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ হাদিস পার্কে চিকিত্সক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এ সমাবেশের আয়োজন করে।
গত রবিবার দুপুর সোয়া তিনটার দিকে মৈত্রী ক্লিনিকের নিজ চেম্বারে ওয়ার্ড বয় রাসেল ঢালী ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসকে।