সীতাকুণ্ডে আরো ১৪ গাড়িতে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে গতকাল সোমবার সকালে ২টি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা। এছাড়া রবিবার গভীর রাতে ১২টি গাড়িতে অগ্নিসংযোগ ও পাঁচ শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৭ শিবির কর্মীকে আটক করেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন থানার দায়িত্বরত কর্মকর্তা নূরে আলম। এর আগে সর্বশেষ হরতালের সময় সীতাকুণ্ডে ১২টি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছিল হরতাল সমর্থকরা। এদিকে মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। গতকাল দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্মঘট চলাকালে চট্টগ্রাম থেকে সব ধরনের যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে তিনি জানান। জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ১৭ মামলার আসামি মো. আমিনুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সকাল সাড়ে আটটার দিকে শিবির ক্যাডাররা উপজেলার উত্তর বাইপাস নামক স্থানে দুইটি গাড়ীতে আগুন দেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বন্ধ থাকে। পরে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। এছাড়া একই কারণে রবিবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত একই সড়কে ১২টি গাড়িতে আগুন দেবার পাশাপাশি অন্তত ৫শ গাড়ি ভাঙচুর করে জামায়াত-শিবির ক্যাডাররা। উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু তাহের জানান, ঢাকা থেকে স্ত্রীসহ চট্টগ্রামে আসার পথে কুমিল্লার ‘হাইওয়ে ইন’ রেস্তোরাঁ থেকে জামায়াত নেতা আমিনকে ডিবি পুলিশ পরিচয়ে একটি দল আটকের পর সাদা একটি মাইক্রো বাসে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। গতকাল রাত পর্যন্ত তিনি কোথায় আছেন তা নিশ্চিত করে জানা যায় নি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, ১৭ মামলার আসামি জামায়াত নেতা আমিনকে গ্রেফতার করার কোন খবর তার কাছে নেই। ওই রেস্তোরাঁ থেকে ডিবি পুলিশ দেবিদ্বার থানার জামায়াত নেতা আলম পাঠানকে আটক করেছিলো। ওখানে আমিন নামে কাউকে ডিবি পুলিশ আটক করেনি। ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট এদিকে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল দীর্ঘ যানজট ছিলো। থেমে থেমে যান চলাচল করলেও বিকাল ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী থেকে বড় দারোগারহাট এলাকা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান জানান, সড়কের বিভিন্ন স্থানে গাড়ী পোড়ানো, ভাঙচুর, চাকা পাংচার হওয়ার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। তবে উদ্ধার কাজ যেখানে চলছে সেখানে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে গাড়ীর চাপ বেশি থাকায় ও জামায়াত-শিবিরের কর্মীরা মহাসড়কে দফায় দফায় অবরোধ করায় যানজট কমছে না বলে তিনি জানান। ‘গাড়ি পোড়ালে বাড়ি পোড়ানো হবে’ গতকাল সোমবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভায় বলা হয়েছে, সীতাকুণ্ডে ১৮ দলের আন্দোলনের নামে নাশকতা করা হচ্ছে। যারা সেখানে জ্বালাও-পোড়াও, বোমা হামলা ও গাড়ি পুড়িয়েছে তাদেরও সহায় সম্পদ চট্টগ্রাম মহানগরীতে রয়েছে। সীতাকুণ্ডে আর কোনো গাড়ি পোড়ানো হলে তাদের বাড়ি-গাড়িও জ্বালিয়ে দেয়া হবে। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।