খালেদা জিয়া আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫৮
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে সাক্ষাত্ করবেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ইত্তেফাককে বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য বিএনপি চেয়ারপারসন বঙ্গভবনে যাবেন। এছাড়া বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির উদ্বেগের কথাও রাষ্ট্রপতিকে জানাবেন খালেদা জিয়া। এই পরিস্থিতিতে তার হস্তক্ষেপ কামনা করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র কয়েকজন নেতা থাকবেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য বিরোধীদলীয় নেতা সময় চেয়েছিলেন। বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ জানান, সর্বোচ্চ ২০ সদস্যের একটি দল বঙ্গভবনে যাবে। জানা গেছে, দুই দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের মধ্যে রাষ্ট্রপতির উদ্যোগ প্রত্যাশা করছে বিএনপি। চলতি বছরের মধ্যভাগে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এই প্রথম আবদুল হামিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন খালেদা জিয়া।