এক দলীয় নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের পথে :বিএনপি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৫৮
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার একদলীয় নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের পথে। কিন্তু কুচবিহার থেকে আসা এরশাদকে নিয়ে সেই সাধ পূরণ করতে পারবে না সরকার। জনগণের প্রতিরোধের মুখে সব ভন্ডুল হয়ে যাবে।
গতকাল সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিন এসব কথা বলেন। তিনি বলেন, সর্বদলীয় সরকার নয়, বিরোধী দল নির্দলীয় সরকার চায়। ১৮ দলীয় জোটের দাবি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন। ফলে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো কি না, সেটা আমাদের কাছে বড় বিষয় নয়।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর নির্বাচনে যাওয়া প্রসঙ্গে রিজভী বলেন, তিনি এসেছেন কুচবিহার থেকে।
এই লোকের কোন দেশপ্রেম নেই। এরশাদ হচ্ছে সেই লোক যার নৈতিকতা নেই। এরশাদ দ্বিমুখী নেতা । তিনি সকালে এক কথা বলেন, আর বিকালে বলেন উল্টোটা। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিএনপি কোনো ভুঁইফোড় সংগঠন নয়। রাজপথে আন্দোলনের মাধ্যমে অন্যায়কে কিভাবে প্রতিহত করতে হয় বিএনপির তা জানা আছে।
রিজভী বলেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপুকে পুলিশ নির্যাতন করেছে। সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ স্বেচ্ছাসেবক দলের নেতা সপুকে উন্নত চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের দাবি জানান তিনি।
সর্বদলীয় সরকার মহাজোট সরকারের নতুন সংস্করণ
এদিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, গণভবনে যে সর্বদলীয় সরকার গঠন করা হয়েছে তা মূলত এই মহাজোট সরকারেরই নতুন সংস্করণ। মহাজোটের বাইরে তো কাউকে দেখছি না এই সরকারে। আসলে এটি কোনো সরকারই না। সরকারের প্রতি প্রশ্ন রেখে মাহবুবুর রহমান বলেন, সংবিধানের কোথায় সর্বদলীয় সরকারের কথা উল্লেখ আছে? কোন সংবিধানের বলে আপনারা এই ধরনের সরকার গঠন করলেন?