সংঘর্ষ, পুলিশের বাধা বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৩, ২৩:০০
পুলিশের সঙ্গে সংঘর্ষ, কর্মসূচিতে বাধা, বিক্ষোভ ও পাল্টাপাল্টি সমাবেশ এর মধ্যদিয়ে গতকাল সোমবার দেশজুড়ে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সংবিধান লঙ্ঘন করে মন্ত্রিসভা বৈঠকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই মিছিল করেন জোটের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নাটোরে পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে মিছিল। এছাড়া বান্দরবানে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রাজশাহী অফিস: জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। দুপুর পৌনে ১২টায় নগরীর মনিচত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপি নেতা-কর্মীরা রাজশাহী কলেজের সামনে থেকে কালোপতাকা মিছিল বের করেন। মিছিলটি মনিচত্বরে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ১৫ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে বিএনপি।
তাছাড়া মহানগর বিএনপি ও ১৮ দল নগরীতে শান্তিপূর্ণ কালোপতাকা মিছিল করেছে। দুপুরে নগরীর ভুবনমোহন পার্ক থেকে মিছিল শুরু হয়ে সাহেব বাজার প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ বক্তব্য দেন।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের তিন নেতাকর্মীকে সকালে আটক করেছে মতিহার থানা পুলিশ। আটককৃতরা হলেন রাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহসানুজ্জামান অলিন এবং ছাত্রদল কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুজন ও অনি।
খুলনা অফিস : মহানগর ও জেলা ১৮ দলীয় জোট নগরীতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে। এর আগে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একতরফা নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে গঠিত সংগ্রাম কমিটির আহবায়ক ও মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। তথাকথিত সর্বদলীয় সরকারের নামে একদলীয় নির্বাচন আয়োজন যে কোন মূল্যে প্রতিহত করা হবে বলে সমাবেশে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন।
সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হোসাইন, বিজেপি সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু প্রমুখ।
নাটোর : জেলা বিএনপি সকালে শহরে কালো পতাকা মিছিল বের করেছে। এক পর্যায়ে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে আলাইপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান : জেলায় কালো পতাকা মিছিল-সমাবেশ করেছে বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা। বিকালে বান্দরবান বাজারস্থ পৌর শপিং কমপ্লেক্সের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, পৌর যুবদলের সভাপতি আয়ুব খাঁন প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে বাজারের দুই নম্বর গলিতে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর সভাপতিত্বে ১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, জামায়াতের আমীর আব্দুচ সালাম আজাদসহ জোটের নেতাকর্মীরা।
ফরিদপুর : জেলায় দেশব্যাপী কালোপতাকা মিছিলের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে সরে পাশের অম্বিকা ময়দানে গিয়ে সমবেত হন। সেখানে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বক্তব্য শেষে তিনি পুলিশের অনুরোধে মিছিল না করার ঘোষণা দেন। কিন্তু নেতাকর্মীদের একাংশ কামাল ইবনে ইউসুফ সভাস্থল থেকে ফিরে যাওয়ার পথে কালো পতাকা মিছিল শুরু করে দেয়।
সিরাজগঞ্জ: জেলায় দলীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুমানা মাহমুদ এমপির নেতৃত্বে কালো পতাকা মিছিল করেছি বিএনপির নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ : জেলায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা ১৮ দল। শহরের বড়ইন্দারামোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নরসিংদী : জেলা বিএনপি নরসিংদীতে কালোপতাকা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেছে। এর আগে শহরের বাজির মোড়ে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।
নোয়াখালী: সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের সালেপুর বাজারে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। রবিবার রাতেও সংঘর্ষ চলাকালে দোকানপাট, মটর সাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।