জাতির সঙ্গে বেঈমানী করে যারা মন্ত্রী হয়েছেন তারা গণদুশমন :মীর নাছির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, জাতির সাথে বেঈমানি করে যারা ‘সর্বদলীয়’ সরকারের শপথ নিয়ে ‘স্বৈরশাসন’কে দীর্ঘায়িত করতে সহযোগিতা করছেন তারা গণদুশমন। তাদেরকে এলাকায় এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তখন প্রমাণ পাওয়া যাবে জনগণ ও ‘ষড়যন্ত্রকারী’দের মধ্যে কারা বেশি শক্তিশালী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ১৮ দলীয় জোট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সর্বদলীয় সরকারের নামে অবৈধ সরকারে যারা যাবেন তারা জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের করে রাখা হবে চিহ্নিত। তাদেরকে সর্বত্র প্রতিরোধ করা হবে। যারা ‘সর্বদলীয়’ সরকারের শপথ নিয়ে এলাকায় যাবে তাদেরকে ধাওয়া দিবেন, প্রতিরোধ করবেন। এই দেশে তাদের কোনো জায়গা হবে না। চট্টগ্রাম মহানগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান শামিম, জামায়াত ইসলাম সেক্রেটারি নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ, বিজেপি আহ্বায়ক নূর মোহাম্মদ খান, বিএনপি নেতা এম এ সবুর, জাহাঙ্গীর আলম, এম এ আজিজ, এসএম সাইফুল আলম প্রমুখ। সমাবেশ শেষে কালো পতাকা মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চট্টেশ্বরী মোড়ে গিয়ে শেষ হয়।