তোমাদের জন্য লেখা

ভাষার কথা একুশের কথা ভাষার কথা একুশের কথা একখানি কথোপকথনের বই। এ বইটি লিখেছেন সিজান নাহিয়ান। সিজান নাহিয়ান অনেকের কাছে সুপরিচিত। স্কুল থেকেই সে অভিনয়, আবৃত্তি ও লেখালেখি করছে। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বেশ ক’টি অনুষ্ঠান উপস্থাপনা করে বড়োদের নজর কেড়েছে। গত বছর ১৫ জানুয়ারি শহীদ আমির হোসেন চৌধুরীর স্মরণে একটি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আহমদ রফিক। ১৬ জানুয়ারি তিনি আমন্ত্রিত অতিথির সংগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং সেখানে কথোপকথনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করেন লেখক সিজান নাহিয়ানের প্রশ্নের উত্তরে। আলোচ্য বইটি সেই বিষয়কে নিয়ে লেখা। ভাষা সংগ্রামী আহমদ রফিক মহান আন্দোলনের সঠিক ইতিহাস গল্পাকারে বলেছেন সিজান ও তার বন্ধুদের কাছে। এ জাতীয় বই এর আগে কখনো প্রকাশিত হয়নি। এ বইটি পড়ে ছোটরা ভীষণ উপকৃত হবে। তবে বইটিতে একুশের কিছু প্রামাণ্য চিত্র ছাপা হলে বইটি আরো আকর্ষণীয় হতো। উন্নতমানের কাগজে ছাপা বইটি প্রচ্ছদপট সুন্দর। এটি প্রকাশিত হয়েছে ঢাকার বাংলা বাজারের অমিতাক্ষর প্রকাশনী থেকে। প্রচ্ছদ সব্যসাচী হাজরার আঁকা। মূল্য মাত্র একশত টাকা। ভাষার কথা একুশের কথা ছোটদের ভীষণ ভালো লাগবে। খালেক বিন জয়েনউদদীন