‘সমসাময়িক বিষয়ে জ্ঞান রাখতে হবে’
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ১৯:১২
মো. আরিফ হোসেন
বরিশাল বিশ্ববিদ্যালয়
মো. আরিফ হোসেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। বাবা কাওছার আহাম্মেদ এবং মা রেবেকা সুলতানা। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় বরাবরই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন আরিফ। উলানিয়া করোনেশন হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসিতে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। এসএসসিতে বোর্ডের মেধা তালিকায় ছিলেন। পরে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় আরিফ। বাবা স্কুল শিক্ষক ছিলেন। বর্তমানে অবসর নিয়েছেন। দাদা সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল আহাম্মেদ। নানা স্বনামধন্য শিক্ষক আলহাজ্ব করিম বকস বেপারী। মেধাবী এই ছেলেটি এলাকার সবার আদরের পাত্র।
পড়াশোনা নিয়ে আরিফ বলেন, যা করেছি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ক্লাসে নিয়মিত ছিলাম। বাবা-মা আর আমার প্রিয় ভাই-বোনেরা সব সময় উত্সাহ দিয়েছে। ভালো ফলাফলের জন্য প্রেরণা পেয়েছি শিক্ষকদের কাছ থেকে। যা পড়েছি বুঝে পড়ার চেষ্টা করেছি। কোন বিষয় না বুঝলে শিক্ষকদের সহায়তা নিয়েছি।
আরিফ আরো বলেন, স্বপ্ন নিয়েই মানুষ থাকে। সবার মতো আমারো স্বপ্ন আছে। আমি চাই ভালো একজন মানুষ হতে। সব সময় চাই মানুষের পাশে থাকতে। আমার উপজেলা মেহেন্দিগঞ্জ নিয়ে ভালো কিছু কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে দরকার মানুষের ভালোবাসা। আমি মানুষের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরিফ বলেন, সমসাময়িক বিষয়গুলোতে জ্ঞান রাখতে হবে। যার যে বিষয়টা ভালো লাগে তার সেটাই করা উচিত। এটা হলে তার সফলতার সম্ভাবনা শতভাগ নিশ্চিত। প্রয়োজনীয় বিষয়ে নোট করে রাখতে হবে। এছাড়া সবসময় আপডেট থাকতে হবে।