যৌতুকের বলি হলো গৃহবধূর

নবীনগরে যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর নির্মম নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। উপজেলার ভৈরবনগর গ্রামে রবিবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত বধূর পিতা আবদুল হেকিম মিয়া বাদি হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। জানা গেছে গত দু’বছর আগে উপজেলার মিরপুর গ্রামে হেকিম মিয়ার মেয়ে হাজেরা বেগমের সাথে ভৈরবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে বাবুল মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় অনেক কষ্ঠ করে স্বর্ণালংকারসহ ৫০ হাজার টাকা যৌতুক দেয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু স্বামী যৌতুকের জন্য স্ত্রীর উপর প্রায়ই শারীরিক নির্যাতন চালাতো। সম্প্রতি বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য স্ত্রীর উপর নির্যাতন চালায়। রবিবার রাতে স্বামীর নির্মম শারীরিক প্রহারে জ্ঞান হারিয়ে ফেলে ওই বধূ। তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।