গফরগাঁওয়ে এমপির নির্দেশে কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ!
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৪
ময়মনসিংহের গফরগাঁওয়ের এমপিকে প্রধান অতিথি করে কাওরাইদ-গয়েশপুর কলেজের নির্মাণাধীন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান না করায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় এমপি ক্যাপ্টেন (অব) গিয়াস উদ্দিন আহমেদ কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ করে দিয়েছেন। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কলেজ সূত্রে জানা যায়, উপজেলার কাওরাইদ-গয়েশপুর কলেজে শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ঠিকাদার ও কলেজ কর্তৃপক্ষ নির্মাণ কাজ শুরুর পূর্বে স্থানীয় এমপি ক্যাপ্টেন (অব) গিয়াস উদ্দিন আহমেদকে প্রধান অতিথি করে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান না করায় তিনি ক্ষিপ্ত হয়ে কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন বাবদ ৬ লাখ ৬ হাজার ৮৮২ টাকা না দেয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কলেজের শিক্ষক-কর্মচারীরা অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখায় টাকা উত্তোলন করতে গিয়ে এ কথা জানতে পারেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বাবর আলী বলেন, ঠিকাদার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ছাড়াই নির্মাণ কাজ শুরু করায় এমপি মহোদয় বেতন বন্ধ করে দিয়েছেন। অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ শরাফ উদ্দিন বলেন, এমপি মহোদয় কলেজের সভাপতি, তিনি বেতন বিলে অনুমোদন দিলেও পরে ফোনে টাকা দেয়া বন্ধ রাখার নির্দেশ দেন। তাঁর নির্দেশ অনুসারে শিক্ষক-কর্মচারীদের একাউন্ট থেকে বেতন-ভাতা উত্তোলন বন্ধ রয়েছে।
এ ব্যাপারে এমপি গিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, বর্তমান সরকার কলেজের উন্নয়নের জন্য দেড় কোটি টাকা ব্যয়ে কলেজের জন্য নতুন ভবন নির্মাণ করে দিচ্ছে কিন্তুু ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান না করায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার ব্যাহত হয়।