চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়লাখনিতে মানববন্ধন
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৬
দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মরত ১৪৭ জন শ্রমিক-কর্মচারির চাকরি স্থায়ীকরণের দাবিতে গত সোমবার খনির সিবিএ অফিস চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ঐ দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড মহাব্যবস্থাপক-জিএম (প্রশাসন) সিরাজুল ইসলাম বলেন, ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে খনি কর্তৃপক্ষ আন্তরিক রয়েছেন। তাদের চাকরি যাতে স্থায়ীকরণ করা যায় সে বিষয়ে নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম চালানো হচ্ছে।