অ্যাডহক কমিটির অধীনে হকির দলবদল চায় বিরোধী পক্ষ

হকির বর্তমান দলবদলে অংশ নেবে না মোহামেডানের নেতৃত্বে জোটবদ্ধ ক্লাবগুলো। শুধু তাই নয় হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে তারা হকির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না বলেও জানিয়ে দিয়েছে। গতকাল দুপুরে হকি খেলোয়াড় ও ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে ফেডারেশন সভাপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তারা। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদেল খান বাবুর হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়। পরে সংবাদ মাধ্যমকে লোকমান হোসেন জানান, তারা হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে কোন খেলায় অংশগ্রহণ করবেন না। তিনি বলেছেন, ‘এই কমিটিকে পদত্যাগ করতে হবে। এর জন্য আমরা একটা গ্রহণযোগ্য এডহক কমিটি চাই। সেটা করা হলে সব মিলে দলবদলে অংশগ্রহণ করব।’ স্মারকলিপি দেয়ার সময় ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় ও সাবেক জাতীয় দলের অনেক খেলোয়াড় উপস্থিত ছিলেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে মোহামেডান কর্মকর্তা বলেন, ‘আমরা হকির উন্নয়ন চাই। আমরাও খেলোয়াড় দলবদলে অংশগ্রহণ করতে চাই।’ হকি খেলোয়াড় ও সংগঠক ঐক্য পরিষদ থেকে দেয়া স্মারকলিপিতে হকি ফেডারেশনের বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরা হয়। তিন দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদ। আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচির দ্বিতীয় দিনে বেলা ১২টায় হকি স্টেডিয়াম এলাকায় মৌন মিছিল, কালোব্যাজ ধারণ করবে। মিছিলটি জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার পর্যন্ত প্রদক্ষিণ করবে। রবিবার বেলা ১২টায় খেলোয়াড়রা হকি স্টেডিয়াম এবং জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করবে। স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় সচিব, জাতীয় ক্রীড়া সচিব এবং প্রত্যেক ক্লাবকে।