দুই হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিবে ইসি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৫
আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ সব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ের ২ হাজার ৩০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আগামী দুই/এক দিনের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সব নির্বাচনী অফিসে চিঠি পাঠাবে কমিশন।
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য উপজেলা নির্বাচন অফিসারসহ ১৩টি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করছে কমিশন। ট্রেনিং অব ট্রেইনারস (টট) প্রজেক্টের আওতায় এসব কর্মকর্তা ঢাকার ইলেকশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২ দিন করে প্রশিক্ষণ গ্রহণ করবেন। ৩৫ জনের সমন্বয়ে গঠিত ৭৬টি ব্যাচে এসব কর্মকর্তার প্রশিক্ষণ সমাপ্ত হবে। এরপর তারা উপজেলা পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন। এর আওতায় ওয়ার্কশপ ফর কোর ট্রেইনারস এবং ট্রেনিং অব ট্রেইনারস (টট) সম্পন্ন করার জন্য ১ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৮৮০ টাকা ব্যয় ধরা হয়েছে।
এ প্রশিক্ষণের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪৮৭ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৫১ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীনে ৩৮৭ উপজেলা কৃষি অফিসার, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ১৫৬ সিনিয়র ও উপজেলা মত্স্য অফিসার, ১৯৭ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ২৬ ভেটেরিনারি সার্জন প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৯৯ উপজেলা শিক্ষা অফিসার, ৪১ জন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, শিক্ষা মন্ত্রণালয়ের ২১৬ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ২৭ একাডেমিক সুপারভাইজার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১৭০ উপজেলা সমাজসেবা অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৯৯ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৮৮ উপজেলা প্রকৌশলী, ৫৮ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ১০ উপজেলা সমবায় অফিসার, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ১৫ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পরিসংখ্যান বিভাগের ৭ উপজেলা পরিসংখ্যান অফিসার, অর্থ মন্ত্রণালয়ের ৯ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৭ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাট কর্মকর্তা, সহকারী অধ্যাপকসহ অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের অধীনে আরো ৩৭ জন প্রশিক্ষণে অংশ নেবেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ৩৮ হাজার ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। কমিশন থেকে সম্ভাব্য ভোট কেন্দ্র ৩৮ হাজার আর ভোটকক্ষ ধরা হয়েছে ২ লাখের মতো। এতে নিয়মানুযায়ী প্রতিটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার এবং প্রতিটি ভোটকক্ষে ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন পোলিং অফিসার দায়িত্বে থাকেন।