জনপ্রশাসন কর্মকর্তাদের পদোন্নতির বিধিমালা সংশোধনের সুপারিশ

জনপ্রশাসন কর্মকর্তাদের পদোন্নতির বিধিমালা সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, জনপ্রশাসনে কর্মরত বিসিএস কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়া নিয়ে বৈঠকে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। এক পর্যায়ে কমিটির সদস্যরা বলেছেন, পদোন্নতি বিধিমালা-২০০২ বেশ ত্রুটি রয়েছে। খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে এইচ এন আশিকুর রহমান, এবিএম গোলাম মোস্তফা, এম এ মান্নান ও মো. আবু তালহা অংশগ্রহণ করেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।