জাকসু নির্বাচনে এমফিল পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের এমফিল এবং পিএইচডি শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন। সোমবার জাকসু নির্বাচন ২০১৪ এর নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। এতে হলা হয়, জাকসুর ১নং ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সদস্য এবং বিশ্ববিদ্যালয় যাদের প্রত্যক্ষভাবে শিক্ষাদান করে থাকে তারাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটার ও প্রার্থী হিসাবে বিবেচিত হবে। এমফিল, পিএইচডি এর ছাত্র যাদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস করতে হয় এবং ১০০ টাকা করে সংসদ ফি প্রদান করে এবং যারা পূর্ণকালীন ছাত্র তারা বৈধ ছাত্র এবং ভোটার হওয়ার অধিকার সংরক্ষণ করে। এই আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত অনুয়ায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র—যারা ধারাবাহিকভাবে (যাদের শিক্ষাজীবনে ছেদ ঘটেনি) অধ্যয়নের সূত্রে এমফিল এবং পিএইচডিতে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ছাত্রত্ব বজায় রেখেছে তারা ভোটার হিসেবে গণ্য হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী কারা এ প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। জাকসুর সাবেক এক ভিপি নাম প্রকাশ না করার শর্তে জানান, জাকসু নির্বাচনে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই প্রার্থী হতে পারে। এতে এমফিল, পিএইচডি গবেষকদের প্রার্থী হওয়ার সুযোগ নেই। তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম শাহনাওয়াজ জানান, যার ছাত্রত্বের ধারাবাহিকতা আছে তারাই প্রার্থী হতে পারবে।