বোমার ভয় দেখিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

পুরান ঢাকার কোতয়ালীতে আবারও দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাত দল এবার পাটুয়াটুলির একটি জুয়েলার্সে হাত বোমা রেখে দোকান কর্মচারীদের জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটে নেয়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে ক্রেতা সেজে দুই যুবক পাটুয়াটুলির রূপসী জুয়েলার্সে প্রবেশ করে। এসময় দোকানে দুইজন কর্মচারী ছিলেন। ক্রেতার ছদ্মবেশে দুর্বৃত্তরা একটি স্বর্ণের চেইন দেখিয়ে দোকান কর্মচারীকে একই মডেলের ২২ ক্যারেটের স্বর্ণের চেইন চায়। দোকানের এক কর্মচারী চেইন বের করার সময় দুর্বৃত্তরা শো-কেসের ওপর ৩ টি হাত বোমা রেখে কর্মচারীদের বলতে থাকে, চিত্কার করলে দোকান উড়িয়ে দেয়া হবে। এভাবে দোকান কর্মচারীদের জিম্মি করে কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। এদিকে, গত সোমবার মন্দিরা বুলিয়ন স্টোর্সে ডাকাতির ঘটনায় মঙ্গলবার বিকালে থানায় মামলা হয়েছে। কোতয়ালী থানার ওসি শাহ আলম জানান, স্বর্ণালঙ্কার লুটের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।