দেশের বাজারে থ্রিজি ট্যাবলেট পিসি

সময়ের সাথে বাড়ছে প্রযুক্তির সাথে মানুষের পরিচয়। কাছের মানুষদের সাথে তৃতীয় প্রজন্মের গতিশীল সেবার মাধ্যমে যোগাযোগ করতে গ্রাহকের ভিড় বাড়ছে ট্যাবলেট পিসির বাজারে। আকারে ছোট ও মুঠোফোনের চেয়ে কিছু বেশি সুবিধা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে নিত্যনতুন বৈশিষ্ট্যের ট্যাবলেট পিসি। এই লেখায় সময়ের সাথে সঙ্গতিপূর্ণ এমন কয়েকটি ট্যাবলেট পিসির কথা জানাচ্ছেন জান্নাতুল ইসলাম সারাবিশ্বের মতো আমাদের দেশেও এখন বাজারে প্রযুক্তি পণ্য হিসেবে ট্যাবলেট পিসি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর ট্যাবলেট পিসির মধ্যে অ্যান্ড্রয়েড ট্যাবলেটই জনপ্রিয় সর্বত্র। আকারের দিক থেকে মূলত ১০ ইঞ্চি এবং ৭ ইঞ্চি ট্যাবলেট পিসিগুলোই বেশি গ্রহণযোগ্য গ্রাহকদের কাছে। ট্যাবলেট পিসিগুলোর কনফিগারেশনের সাথে সাথে এখন ব্যাটারি ব্যাকআপও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। থ্রিজি নেটওয়ার্ক সমর্থনকেও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন সব বিষয়কে বিবেচনায় রেখেই এই লেখায় তুলে ধরা হলো উল্লেখযোগ্য কিছু ট্যাবলেট পিসির কথা। স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ট্যাবলেট পিসির বাজারে অ্যাপল’র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম স্যামসাং। তাদের ট্যাবলেট পিসিগুলোর মধ্যে অন্যতম সেরা একটির নাম গ্যালাক্সি নোট। ৩৪৫ গ্রাম ওজনের এই ট্যাবকে আইপ্যাড মিনির সাথে তুলনা করা যায়। ১.৬ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম আর ৮ ইঞ্চি পর্দার ট্যাবে স্যামসাংয়ের চমত্কার কিছু অ্যাপস ব্যবহার করা যাবে। যেমন, এর এস-নোট দিয়ে কিছু লিখলেই সেটি পড়ে শোনাবে। এর ব্যাটারি ব্যাকআপ সাড়ে ৭ ঘণ্টা। দেশের বাজারে এর দাম ৫৩ হাজার টাকা। লেনোভো এ২১৭০ ট্যাবলেট ডেস্কটপ আর ল্যাপটপের পর ট্যাবলেট পিসির বাজারেও সদর্পে প্রবেশ করেছে লেনোভো। তাদের এ২১০৭ মডেলের ট্যাবলেট পিসিটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচে। ১ গিগাহার্জ কোর্টেক্স এ৯ প্রসেসরে চালিত এই প্যাডের ডিসপ্লে’র আকার ৭ ইঞ্চি, যাতে রয়েছে ১০২৪ বাই ৬০০ পিক্সেল রেজ্যুলেশন এবং মাল্টি-টাচ সুবিধা। জিএসএম এবং ডব্লিউসিডিএমএ মোবাইল ডেটা বা ইন্টারনেট সমর্থিত এই ট্যাবলেট পিসিটিতে ডুয়াল সিম ব্যবহার করা যায়। রয়েছে ১ জিবি র্যাম, ১৬ জিবি ডেটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যানসহ সব ধরনের সুবিধা। ওয়েব ব্রাউজিংসহ সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করা যাবে এতে। গ্লোবাল ব্র্যান্ড এটি বাজারজাত করে থাকে। ট্যাবটির মূল্য ২৩ হাজার ৫শ টাকা। ফুজিত্সু ট্যাব থ্রিজি সমর্থিত ফুজিত্সু এম৫৩২ মডেলের ১০.১ ইঞ্চি প্রশস্ত স্পর্শ পর্দার ট্যাবলেট পিসি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেম চালিত ট্যাবটিতে আছে কোয়াড কোর প্রসেসর (১.৪ গিগাহার্জ), ২ মেগাপিক্সেল ফ্রন্ট সাইড ও ৮ মেগাপিক্সেল ব্যাকসাইড ক্যামেরাসহ ট্যাবলেট পিসির সর্বাধুনিক সুবিধা। রয়েছে এইচডিএমআই, ব্লুটুথ, ইউএসবি ২.০ পোর্ট। আল্ট্রা স্লিম (২৫.৭ সেমি) ট্যাবটির ওজন ৫৬০ গ্রাম। সাড়ে ৮ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে এতে। মূল্য ৬০ হাজার ৫শ টাকা। আসুস ফোনপ্যাড আসুসেরট্যাবলেট পিসিগুলোর মধ্যে অন্যতম একটি হলো ফোনপ্যাড। জিএসএম সিম ব্যবহার করেই এতে থ্রিজি ব্যবহার করা যায়। ফোন কলসহ ফোনের সব ধরনের সুবিধাই উপভোগ করা যায় এতে। অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেমে চালিত ট্যাবলেট পিসিটিতে রয়েছে ১ দশমিক ২ গিগাহার্জ ইন্টেল অ্যাটম প্রসেসর, ১২৮০ বাই ৮০০পিক্সেল রেজ্যুলেশন আইপিএস প্যানেলের মাল্টি-টাচ ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়াই-ফাই প্রভৃতি। এর লিথিয়াম-পলিমার ব্যাটারি সর্বোচ্চ ৯ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। দেশের বাজারে এর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। দাম ২৪ হাজার টাকা। টুইনমস টুইনট্যাব টুইনমস ব্র্যান্ডের ট্যাবলেট পিসি টুইনট্যাব দেশের বাজারে বাজারজাত করে থাকে স্মার্ট টেকনোলজিস। ৭ ইঞ্চি আকৃতির এই টুইনট্যাবে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ১.৫ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৩৭০০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারি, থ্রিজি, ১০২৪ বাই ৬০০ পিক্সেল ডিসপ্লে, ইউএসবি ২.০ ও ব্লুটুথ সুবিধা। ট্যাবটির দাম ১৫ হাজার ৫শ টাকা। এইচপি এলিটপ্যাড দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য এইচপি ব্র্যান্ডের এলিটপ্যাড ৯০০ মডেলের চতুর্থ প্রজন্মের ট্যাবলেট পিসি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে ৩২জিবি সলিড স্টেট স্টোরেজ, ২ জিবি ডিডিআর২ এসডি র্যাম, ৮ মেগাপিক্সেল এইচডি ফ্রন্ট ফেসিং ভিডিও ক্যাম যার ছবির রেজ্যুলেশন ১০৮পি। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম সমন্বিত এই ট্যাবটির প্রসেসিং গতি ১.৮ গিগাহার্জ। ১০ ইঞ্চি প্রশন্ত পর্দার গরিলা গ্লাস সমন্বিত বিজনেস ক্লাসের ট্যাবটির দাম ৯৩ হাজার টাকা। সিম্ফনি এক্সপ্লোরার টি৮কিউ আমাদের দেশে বর্তমানে সিম্ফনি বেশকিছু ভালো মানের ট্যাব বাজারে এনেছে। এগুলোর মধ্যে সিম্ফনি এক্সপ্লোরার টি৮কিউ উল্লেখযোগ্য। আন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ পরিচালিত এই ট্যাবে রয়েছে ১ গিগাহার্জ গতির প্রসেসর। এই ট্যাবের বিল্ট-ইন স্টোরেজ ৪ গিগাবাইট হলেও এতে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। গুগল প্লেতে পছন্দের অ্যাপস তো রয়েছেই। থ্রিজি সমর্থিত দেশি ট্যাবটির মূল্য ১৫ হাজার টাকা। প্রিমো ওয়ালপ্যাড ৮ দেশিয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটন স্মার্টফোনের পর বাজারে এনেছে দুই মডেলের ট্যাবলেট পিসি। এর মধ্যে একটি হলো প্রিমো ওয়ালপ্যাড ৮। অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন চালিত এই ট্যাবলেট পিসিতে রয়েছে ১.২ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর, আলাদা জিপিইউ, ১ গিগাবাইট র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭.৮৫ ইঞ্চি আকৃতির ডিসপ্লে’র এই ট্যাবলেট পিসি ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ডুয়াল ক্যামেরা এবং উচ্চমানের ব্যাটারিসহ এটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে। এটি কিনতে দাম পড়বে ১৬ হাজার টাকা। আসুস মেমোপ্যাড আসুসের মেমোপ্যাড এমই১৭২ভি মডেলের ট্যাবলেট পিসি দেশে বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড। এটি অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মের ১ গিগাহার্জ ভায়া ডব্লিউএম৮৯৫০ প্রসেসরে চালিত ট্যাবলেট পিসি। এতে রয়েছে ৭-ইঞ্চির মাল্টি-টাচ ডিসপ্লে। একইসাথে ১০টি আঙ্গুল দিয়ে কাজ করা করা যায় এর ডিসপ্লেতে। ট্যাবলেট পিসিটি মাত্র ৩৫৮ গ্রাম ওজনের, যার পুরুত্ব ১১.২ মিলিমিটার। সনিক মাস্টার অডিও প্রযুক্তিসহ এই ট্যাবলেটে রয়েছে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট ডেটা স্টোরেজ ডিভাইস, ওয়েবক্যাম, ভিডিও কলিং ফিচার প্রভৃতি। সর্বোচ্চ ৭ ঘণ্টা পাওয়ার ব্যাকআপের ট্যাবলেট পিসিটির মূল্য ১৫ হাজার টাকা। ম্যাক্সিস ট্যাব সময়ের সাথে সাথে আমার দেশি ব্র্যান্ডের ট্যাবলেট পিসিও তৈরি হচ্ছে। বর্তমানে দেশিয় যে কয়টা ট্যাবলেট পিসি রয়েছে, তার মধ্যে কিছুটা সাশ্রয়ী ম্যাক্সিস ট্যাব। তাদের কয়েকটি মডেলের মধ্যে সর্বশেষ একটি সংযোজন টি২৫ অ্যান্টাসিড ট্যাবলেট পিসি। এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১। ১.৫ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট ডিডিআর৩ র্যাম আর ৪ জিবি ইন্টারনাল স্টোরেজের ট্যাবটি ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ৭ ইঞ্চি এই ট্যাবটি ফুল এইচডি সমর্থন করে। থ্রিজি, ওয়াই-ফাই সমর্থিত ট্যাবলেট পিসিটির মূল্য ১০ হাজার টাকা। এএএ থ্রিজি ট্যাবলেট এএএ ব্র্যান্ডের থ্রিজি ট্যাবলেট পিসিটিও নানা কাজের কাজি। এই ব্র্যান্ডের কে ১০১১ এবং কে ৭০০ মডেলের ট্যাবলেট পিসি দেশে বাজারজাত করে থাকে টোটাল অফটেক। মডেল দুইটির ডিসপ্লে’র আকৃতি যথাক্রমে ৯ দশমিক ৭ ইঞ্চি এবং ৭ ইঞ্চি। এলসিডি ডিসপ্লেগুলো উন্নতমানের ছবি প্রদর্শনে সক্ষম। এগুলোতে রয়েছে কোর্টেক্স এ৯ মাল্টিকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, বিল্ট-ইন ৮ গিগাবাইট স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই-ফাই, ডুয়াল ক্যামেরা, ইউএসবি ও এসডিএমআই পোর্টসহ আধুনিক সব সুবিধা। স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে। উভয় ট্যাবের মূল্য যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা। হ্যাভিট এইচভি টি-৭০৩ ট্যাব কম্পিউটার সিটি টেকনোলজিস বাজারে নিয়ে এল হ্যাভিট ব্র্যান্ডের এইচভি টি-৭০৩ মডেলের অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১.১ সমৃদ্ধ ট্যাব। থ্রিজি মডেম সমর্থিত ট্যাবটিতে রয়েছে ৭ ইঞ্চি হাই রেজুলেশন ডিসপ্লে, ১.২ গিগাহার্জ প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৪ জিবি স্টোরেজ মেমোরি, ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, ওয়াই-ফাই, ৩২ জিবি পর্যন্ত সমর্থিত মাইক্রো এসডি স্লট। এর দাম ৭ হাজার টাকা।