মেসি গোল্ডেন শু পাচ্ছেন আজ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৩, ২১:৩৮
বার্সেলোনা তারকা লিওনেল মেসি গেল মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবচাইতে বেশি গোল করার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন শু’ পাচ্ছেন। বুধবার দুপুরে বার্সেলোনায় এ পুরস্কার তুলে দেয়া হবে তাকে। ২০০৯-১০ ও ২০১১-১২ মৌসুমেও এ পুরস্কারটি জিতেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। গেলবার তিনি স্পানিশ লিগে ৪৬ গোল করেছিলেন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ক্যাভানি, ফ্যালকাও, ভন পার্সি। পুরস্কারটির ইতিহাসে তিনিই একমাত্র স্ট্রাইকার যিনি তিনবার এটি জিতলেন। ইউরোপীয়ান স্পোর্টস মিডিয়া (ইএস্এম) এ পুরস্কারটি দিয়ে থাকে। ইএসএম হলো বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি ক্রীড়া প্রকাশনার সংগঠন।
চলতি মৌসুমে ইনজুরির কারণে তিন দফায় তাকে থেমে যেতে হলেও সামপ্রতিক মৌসুমগুলো ছিল মেসির জন্য দুর্দান্ত।
এক নজরে মেসির সামপ্রতিক নৈপুণ্য:
২০১২-১৩: ৬০ গোল ৫০ ম্যাচে
২০১১-১২: ৭৩ গোল ৬০ ম্যাচে
২০১০-১১: ৫৩ গোল ৫৫ ম্যাচে
২০০৯-১০: ৪৭ গোল ৫৩ ম্যাচে
২০০৮-০৯: ৩৮ গোল ৫১ ম্যাচে
উল্লেখ্য ‘গোল্ডেন শু’র আগের বিজয়ীরা হলেন পর্তুগালের ইউসেবিও (১৯৬৭-৬৮), ফার্নান্দো গোমেজ (১৯৮২-৮৩, ১৯৮৪-৮৫), রোনালদো (২০০৭-০৮, ২০১০-১১), জার্মানির জার্ড মুলার (১৯৬৭-৬৮, ১৯৭১-৭২), রোমানিয়ার দুদু জর্জেস্কু (১৯৭৪-৭৫, ১৯৭৬-৭৭) ব্রাজিলের মারিও জার্ডেল (১৯৯৮-৯৯, ২০০১-০২), উরুগুয়ের দিয়েগো ফোরল্যান (২০০৪-০৫, ২০০৮-০৯), স্কটল্যান্ডের অ্যালি ম্যাককয়েস্ট (১৯৯১-৯২, ১৯৯২-৯৩), ফ্রান্সের থিয়েরি অরি (২০০৩-০৪, ২০০৪-০৫)।