শচীনকে সম্মান জানালো বৃটিশ পার্লামেন্ট

ক্রিকেটের প্রতি শচীন টেন্ডুলকারের অসামান্য অবদান এবং তরুণ প্রজন্মের কাছে নিজেকে খেলাটির একজন দূত হিসেবে প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে শচীন টেন্ডুলকারকে সম্মান জানাল বৃটিশ পার্লামেন্ট। টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাকে অভিনন্দন জানাতে হাউজ অব কমন্সে একটি প্রস্তাব আনা হয়। ভারতীয় বংশোদ্ভূত এমপি কিথ ভাজ এর দিনের শুরুতে আনা এই প্রস্তাবে বলা হয়েছে, সারা বিশ্বে লক্ষ কোটি ক্রিকেট অনুরাগীদের জন্য টেন্ডুলকার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। তার মত একজন ব্যতিক্রমী ব্যাটসম্যানকে শ্রদ্ধা জানাতে এই প্রস্তাব আনা হয়েছে। ভারতের মতই যুক্তরাজ্যেও তিনি সমান জনপ্রিয়। তাই পার্লামেন্টই তাকে শ্রদ্ধা জানানোর সঠিক স্থান। সাধারণত বৃটিশ পার্লামেন্টে দিনের শুরুতে আনা প্রস্তাবগুলো নিয়ে সচরাচর বিতর্ক হয় না। বরং এটি আনাই হয়ে থাকে কাউকে কিংবা কোন নির্দিষ্ট বিষয়কে স্বীকৃতি দেয়ার জন্য। বৃটেনে শচীনের অনেক সমর্থক আছে। সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী জন মেজর তার অন্যতম ভক্ত ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও তার প্রশংসা করে বক্তব্য রেখেছেন। ক্যামেরন তার সাম্প্রতিক ভারত সফরের সময় মুম্বাইয়ে গিয়ে টেন্ডুলকারের বিদায়ী টেস্ট দেখতে না পারার জন্য আক্ষেপ করেছিলেন। বাসস