এরশাদের বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল হয়েছে। এমনকি সরকারের সঙ্গ না ছাড়লে তাকে সিলেটে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুমকি দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান বলেন, সরকারের সঙ্গ না ছাড়লে ভবিষ্যতে তাকে সিলেটে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে। এর আগে তারা এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে নানামুখী শ্লোগান দেয়। তখন নেতা-কর্মীদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড শোভা পায়।