সারাদেশে শতাধিক গ্রেফতার

গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলাসহ নানা সহিংস কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের অধিকাংশই ১৮ দলীয় জোটের নেতাকর্মী। এছাড়া একই অভিযোগে নেত্রকোনায় ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এদিকে বান্দরবানের আলীকদমে গতকাল মঙ্গলবার ভোরে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা: জেলা বিএনপি-জামায়াতের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন উপজেলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের ১৬ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে জেল গেট হতে বের হতে না হতেই অন্য একটি মামলায় গতকাল মঙ্গলবার ফের তাদের গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ময়মনসিংহ কোতওয়ালী থানার ওসি গোলাম সারওয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের বাসসহ টেম্পো, ও অটোরিক্সা ভাংচুরের মামলায় তাদের পুনরায় গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাট: ক্ষেতলালে এমপির গাড়ী পোড়ানো মামলায় স্থানীয় বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গত ১৯ অক্টোবর জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। আলীকদম (বান্দরবান): উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম ও যুবদলের আবুল হাসেমকে আসামি করে অজ্ঞাতনামা ৫০/৬০ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নেত্রকোনা: জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমিনের গাড়ি ভাংচুরের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান দুদু এবং নেত্রকোনা সরকারি কলেজ শাখার সভাপতি হাসান সৈকতসহ ৪৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার বিকেলে নেত্রকোনা থানায় এই মামলা দায়ের করা হয়। পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গত রবিবার সন্ধ্যায় শহরের ঢাকা বাসস্ট্যান্ডে ছাত্রদলের নেতাকর্মীরা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাংচুর করে। সেনবাগ (নোয়াখালী): উপজেলার কেশারপাড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জসিম উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ সাইকুল আহম্মদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ কয়েকটি মামলা রয়েছে। লাকসাম (কুমিল্লা): উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। ঠাকুরগাঁও: সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নে ১৮ দলের হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় হাজিরা দিতে এসে জেলা যুবদলের আহবায়কসহ ৪ নেতাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী খান এ আদেশ দেন। আটককৃতরা হলেন: জেলা যুবদলের আহবায়ক মহেবুল্লাহ চৌধুরী আবু নূর, সদর উপজেলা ঢোলার হাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশারুল হক, যুবদল নেতা মিজানুর রহমান ও আসাদ। হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): উপজেলার ভাদড়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে কামরুজ্জামান ও ছোট ভাদড়া গ্রামের জামাত আলীর ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় মঙ্গলবার ভোরে বিএনপির এই ২ কর্মীকে গ্রেফতার করা হয়।