দিনাজপুরে তালাবদ্ধ ঘরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ!

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়ির তালাবদ্ধ ঘর থেকে ছাত্রী আয়েশা খাতুনের (১৯) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। নিহত আয়েশা উপজেলার পূর্ব ফতেপুর গ্রামের আনোয়ারুল হকের কন্যা ও স্থানীয় মোগলপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আয়েশার পিতা আনোয়ারুল হক জানান, গত সোমবার সকালে মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীসহ তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে দেখেন আয়েশার ঘর তালাবদ্ধ। ডাকাডাকি করে মেয়ের সাড়া না পেয়ে ঘরের তালা ভেঙ্গে দেখেন গলায় ফাঁস দেয়া অবস্থায় আয়েশার লাশ সিলিংয়ে ঝুলছে। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল সাঈদ জানান, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও বাইরে থেকে ঘরে তালা লাগানোর বিষয়টি সন্দেহজনক। প্রকৃত ঘটনা জানতে ময়না তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।