বর্তমান শাসনামল স্বৈরাচারের নিষ্ঠুরতাকেও হার মানায়

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোন স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানায়। কেবলমাত্র বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার নয়, সরকারের পুলিশ বাহিনী রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতনের পর তাদেরকে হত্যা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ নভেম্বর ঢাকা মহানগর লালবাগ থানা ৬২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিনকে পুলিশ গ্রেফতার করে অমানুষিক নির্যাতন চালায়। পরবর্তীতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত শাহাবুদ্দিন এর শারীরিক অবস্থা বিবেচনায় এনে রিমান্ড আবেদন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। পুলিশি নির্যাতনের কারণে আজ জেলহাজতে শাহাবুদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশি নির্যাতনে শাহাবুদ্দিনের মৃত্যুর ঘটনায় নিন্দা ও শোক জানান। অনুরূপ এক বিবৃতিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যন ও ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আবদুস সালাম পুলিশি নির্যাতনের কারণে ঢাকা মহানগর ৬২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিনের মৃত্যুকে বর্তমান সরকারের অসংখ্য নিষ্ঠুর অপকর্মের ধারাবাহিকতা উল্লে¬খ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।