খোঁজখবর
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ১৯:২৭
ব্যস্ততায় ঘেরা
দুর্দান্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। বর্তমানে ৭টি ছবির কাজ নিয়ে তিনি ব্যস্ত । ছবিগুলো হলো ‘একাত্তরের মা জননী’, ‘মায়ানগর’, ‘পদ্মাপাড়ের পার্বতী’, ‘তবুও তুমি আমার’, ‘লাভ ইন কোরিয়া’ ও ‘মায়ের মমতা’। সহসাই শুরু হবে মোহাম্মদ হোসেনের ‘আগুনের বিস্ফোরণ’ ছবির কাজ। দায়িত্ব সচেতনতার কারণে চলচ্চিত্রে নিপুণের গ্রহণযোগ্যতা বেড়েছে। বেড়েছে চাহিদাও। শুরু থেকেই কাজের প্রতি বিশ্বস্ত থাকার কারণে পেয়েছেন স্বীকৃতিও। ‘সাজঘর’ ও ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিপুণ বলেন, ‘চলচ্চিত্রে এসেছি ভালো একজন অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমি সব সময়ই পেশার প্রতি সত্ থাকার চেষ্টা করেছি। চরিত্রের গুরুত্ব অনুধাবন করে কাজ করে যাচ্ছি।’ নিপুণ আরও বলেন, ‘আমি কোনো ঝুটঝামেলায় জড়াই না। শিডিউল নিয়ে সমস্যা সৃষ্টি করি না। যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করি। সামর্থ্যের বাইরে কোনো কিছু করার চেষ্টা করি না। তাছাড়া নায়ক নিয়েও আমি প্রযোজক-পরিচালকদের বিবৃত করি না। মান্না, রুবেল থেকে শুরু করে শাকিব খান, আমিন খান, ইমন, নীরব, জায়েদ খান সবার সঙ্গেই কাজ করছি।’ সম্প্রতি নিপুণ কাতার ঘুরে এলেন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানে পারফর্ম করে।
ভালোবাসা দিবসে ন্যান্সির নতুন অ্যালবাম
আসছে ভালোবাসা দিবসে বাজারে আসবে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সির দ্বৈত অ্যালবাম ‘সন্দেহ’। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অ্যালবামটি আগামী ভালোবাসা দিবসে প্রকাশ করার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে। দেশের স্বনামধন্য গীতিকার ও সুরকারের সুর-সংগীতে অ্যালবামটি তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘গত ঈদে আমার ও আসিফ ভাইয়ের দ্বৈত অ্যালবাম ‘ঝগড়ার গান’ প্রকাশ হয়েছে। ওই অ্যালবামটির সফলতার পর ‘সন্দেহ’ অ্যালবামটি করার সিদ্ধান্ত হয়। এটি আমার ও আসিফ ভাইয়ের দ্বিতীয় দ্বৈত অ্যালবাম। রোমান্টিক কিছু গান দিয়ে এটি সাজানো হয়েছে। অ্যালবামটি প্রকাশ করবে আর্ব এন্টারটেইনমেন্ট।’ দীর্ঘ দিন ধরে ন্যান্সির কোনো একক অ্যালবাম বাজারে আসছে না। আগামী ৬ মাস কোনো একক অ্যালবাম তৈরির পরিকল্পনাও নেই বলে জানিয়ে ন্যান্সি বলেন, ‘আগামী ৬ মাস একক অ্যালবাম নিয়ে কোনো চিন্তা করব না। দেশের যে হাল, সব কিছু ঠিক না হলে এ মুহূর্তে অ্যালবাম প্রকাশ করব না। আর এখন তো নিজের শরীরের অবস্থাও তেমন ভালো নেই। তাই একক অ্যালবাম প্রকাশ করতে কিছুটা দেরি হবে।’ উল্লেখ্য যে, ন্যান্সি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, কিছু দিনের মধ্যে তিনি পুরোপুরি মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। ন্যান্সি বলেন, ‘আমার ব্যক্তিগত চিকিত্সক ৩০ জানুয়ারি সন্তান ভূমিষ্ঠের সম্ভাব্য তারিখ জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’ কিছুদিন আগে রাজনৈতিক একটি মন্তব্য করে বেশ বিপাকে পড়েছিলেন তিনি। বর্তমানে তার কী অবস্থা জানতে চাইলে বলেন, ‘আপাতত তেমন ঝামেলা হচ্ছে না। তবে কিছু অপরিচিত ফোন নম্বর থেকে প্রায়ই হুমকি দেওয়া হয়। কে বা কারা এই হুমকি দিচ্ছেন, তা কিছুই বলতে পারব না। বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা করলে অনেকেই বলেছিলেন বিষয়গুলো প্রশাসনকে জানাতে। কিন্তু আমি তা করিনি। কারণ, দেশের বর্তমান যে অবস্থা; তাতে এ ধরনের হুমকির প্রতিকার আর কী হবে। আমরা সবাই চাই, এই হানাহানি বন্ধ করে সুন্দরভাবে জাতীয় নির্বাচন হোক; যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে।’
অনেকদিন পর নতুন বিজ্ঞাপনে
মডেল ও অভিনেত্রী অপি করিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাই তাকে নতুন নাটক বা বিজ্ঞাপনে খুব একটা দেখা যায় না। কালেভদ্রে তিনি বিশেষ দিবসের নাটক ও টেলিছবিতে অভিনয় করেন। দীর্ঘদিন যাবত মিডিয়া থেকে অনেকটাই দূরে আছেন অপি করিম, অনেকটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। তবে এবার অপির নতুন কোনো নাটকের খবর না থাকলেও লম্বা বিরতির পর সম্প্রতি বড় ক্যানভাসের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। তিব্বত ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে। নির্মাণ করেছেন কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সৌনিক। তবে বিজ্ঞাপন সম্পর্কে অপি এখনই কিছু বলতে নারাজ, তার ভাষ্যে, ‘বিজ্ঞাপন সম্পর্কে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। সম্প্রচারের পর দর্শকরাই বুঝতে পারবে।’ এ মাসের মধ্যেই বিজ্ঞাপনচিত্রটি দেশের সবকটি টিভি চ্যানেলে একযোগে সম্প্রচার হওয়ার কথা রয়েছে।