কারিনার অ্যাসিড টেস্ট

কারিনা কাপুর এ পর্যন্ত বলিউডের প্রায় শীর্ষ জনপ্রিয় সব নায়কের সঙ্গে পর্দাজুটি বেঁধেছেন। সবার সঙ্গে তার পর্দাজুটি কমবেশি সাড়া জাগিয়েছে। কারিনা-ইমরান জুটির নতুন ছবি ‘গোরি তেরে পেয়ার মে’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। আবারও তাদের জুটিবদ্ধ হয়ে অভিনয় করার গল্প তুলে ধরেছেন রেজাউল করিম খোকন বলিউডে আজকাল জনপ্রিয় পর্দা জুটি গড়ে উঠতে গিয়েও শেষ পর্যন্ত নানা জটিলতার বেড়াজালে পড়ে তা আর বেশি দূর এগোতে পারে না। নায়ক-নায়িকাদের ইগো কমপ্লেক্স, ব্যক্তিগত সংঘাত, ব্যক্তিত্বের লড়াই ইত্যাদির কারণে এখন হিন্দি সিনেমায় জনপ্রিয় পর্দাজুটির পুনরাবৃত্তি খুব বেশি দেখা যায় না। কারিনা কাপুর ‘এক ম্যায় আউর এক তু’ ছবিতে ইমরান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এর আগে। রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি বক্স অফিসে খুব ভালো ব্যবসা না করলেও মোটামুটি সফল হয়েছিল বলা যায়। এরপর কারিনা-ইমরান খান জুটির নতুন ছবি তৈরির তেমন সম্ভাবনা না থাকলেও আবার তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তরুণ চিত্রনির্মাতা পুনিত মালহোত্রার নতুন ছবি ‘গোরি তেরে পেয়ার মে’-তে। এ ছবিতে ইমরান খান অভিনয় করেছেন একজন দক্ষিণ ভারতীয় যুবক শ্রীরাম চরিত্রে। বিদেশে পড়াশোনার কারণে পরিবারের সবার কাছ থেকে দূরে থাকতে হয়েছে তাকে। ফলে নিজ ভাষা, সংস্কৃতি, জীবনাচার তার রপ্ত করা হয়ে ওঠেনি। তার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়েছে প্রাণচঞ্চল হাসিখুশি স্বভাবের মেয়ে দিয়া শর্মা। এ চরিত্রে রূপদান করেছেন কারিনা কাপুর। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসময় প্রেমের দিকে গড়ায়। কিন্তু দিয়া শ্রীরামের সবকিছুতেই ঠাট্টা, কৌতুক করার স্বভাবটি সহজভাবে মেনে নিতে পারে না। শ্রীরাম কোনো বিষয়েই সিরিয়াস হতে পারে না। অথচ দিয়া খুব বেশি সমাজ সচেতন। সব সময় সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে চায় সে। শ্রীরাম একসময় দক্ষিণ ভারতে নিজ বাড়িতে গেলে জানতে পারে তার সঙ্গে এলাকার একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক করে ফেলেছেন অভিভাবকরা। তাদের কথামতো অ্যানগেজমেন্টও হয়ে যায়। বিয়ের কথা জানাতে শ্রীরাম দিয়ার কাছে যায়। সে কাজ করে প্রত্যন্ত এক গ্রামে এনজিও কর্মকর্তা হিসেবে। শ্রীরাম দিয়াকে ফিরিয়ে নিতে চায়। কিন্তু দিয়া কিছুতেই গ্রামের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে ছেড়ে যেতে রাজি নয়। শ্রীরামেরও জেদ দিয়াকে না নিয়ে কিছুতেই সে এই গ্রাম থেকে যাবে না। শ্রীরামও থাকতে শুরু করে গ্রামে, অনেক প্রতিকূলতা সহ্য করেও প্রেমিকা দিয়ার কাছাকাছি থাকতে চায়। তার মন জয় করতে শ্রীরাম অনেক অসম্ভব কাজ করে। এ রকম গল্প নিয়ে আবর্তিত হয়েছে কারিনা কাপুর-ইমরান খান জুটির রোমান্টিক ছবি ‘গোরি তেরে পেয়ার মে’। এ ছবিতে রেমান্টিক জুটি হিসেবে ইমরান-কারিনা দর্শকদের নতুনভাবে আলোড়িত করবেন। কারণ দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো অনেক বিষয়ের অবতারণা করা হয়েছে ছবিটিতে। উল্লেখ্য যে, এ ছবির প্রযোজক করণ জোহর। কারিনা-ইমরান খান জুটির ‘এক ম্যায় আউর এক তু’ ছবিরও প্রযোজক ছিলেন করণ জোহর। শুরুতে ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে ইমরান খানের সঙ্গে সোনম কাপুরকে কাস্ট করা হয়েছিল। কিন্তু ছবির চিত্রনাট্য দেখে সন্তুষ্ট হতে পারেননি ইমরান খান। তিনি ছবিটি করবেন না বলে জানিয়ে দেন। এরপর তার জায়গায় শহিদ কাপুরকে নেওয়া হয়। শহিদ কাপুরও ছবির চিত্রনাট্য দেখে খুশি হতে পারেননি। তিনিও একসময় ছবিটি ছেড়ে দেন। তখন সোনম কাপুরও এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন না বলে জানান। তখন সবাইকে অবাক করে দিয়ে ইমরান খান আবার ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটিতে ফিরে আসেন। তার বিপরীতে এবার কারিনা কাপুরকে নেওয়া হয়। বিয়ের পর কারিনা কাপুর আগের মতো অভিনয় চালিয়ে গেলেও তার লাইফ স্টাইলে অনেক পরিবর্তন এসেছে। ছবিতে অভিনয়ের ক্ষেত্রেও কিছুটা রক্ষণশীল মনোভাবের প্রকাশ ঘটাচ্ছেন। ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটিতে দিয়া চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে কারিনা অনেক স্বাচ্ছন্দ্যভাবে কাজ করেছেন। কারণ রেমান্টিক ধাঁচের এ ছবিতে অভিনয়ের সময় কারিনাকে তেমন বিব্রতকর কিছুর মুখোমুখি হতে হয়নি। চলতি বছরে কারিনা অভিনীত ‘সত্যগ্রহ’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও ‘সত্যগ্রহ’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে কারিনার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ‘আশিকি টু’খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এ ছবিতে শুরুতে শ্রদ্ধা অভিনীত চরিত্রটি ততটা গুরুত্বপূর্ণ না থাকলেও ‘আশিকি টু’র বক্স অফিস সাফল্য এ ছবিতে তার অভিনীত চরিত্রের বিস্তৃতি বাড়িয়ে দিয়েছে। এ ছবিতে একটি আইটেম সংয়ে পারফর্ম করেছে এশা গুপ্তা। প্রথম আইটেম সংটিতে পারফর্ম করা কথা ছিল নার্গিস ফখরির। শুটিংয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় নার্গিস ফখরির জায়গায় এশা গুপ্তাকে নেওয়া হয়। এশার আইটেম সং ‘ধাত্তেরিকি’ ইতোমধ্যেই দর্শকদের আন্দোলিত করেছে। ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিককে ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে একটি আইমে সংয়ে সামান্য কিছু সময়ের জন্য দেখা যাবে। অবন্তিকা এর আগে ইমরান খানের ‘জানি তু ইয়া জানেনা’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘এক ম্যায় আউর এক তু’ ছবিতে তেমনিভাবে সামান্য কিছু সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন। যা ছবিগুলোর বক্স অফিস সাফল্যের জন্য শুভ সূচক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। সেই সংস্কার থেকেই এবারও ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে ইমরান পত্নী অবন্তিকা অল্প সময়ের জন্য পর্দায় উপস্থিত হয়েছেন। এমনিতে গত বেশ কিছুদিন থেকে ইমরান খানের ক্যারিয়ারে সুপারডুপার হিট সিনেমার আকাল চলছে। চলতি বছরে তার অভিনীত ‘মাতরু কি বিজলি কা মানডেলা’ এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’ ছবি দুটি মুক্তি পেয়েছে, তবে ছবিগুলো ইমরানের জন্য সাফল্যের বার্তা বয়ে আনেনি। সেই ব্যর্থতা ঘুচিয়ে ইমরান খানের ক্যারিয়ারে সাফল্যের নতুন মাত্রাযুক্ত করবে ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটি—তেমন প্রত্যাশা তার নিজেরও। বিয়ের পর নায়িকাদের ক্যারিয়ারে ভাটা পড়ে। এটা অনেক বারই দেখা গেছে। কাজল, মাধুরী, জুহি চাওলা, টুইংকেল খান্না, রাভিনা, ঐশ্বরিয়া রাই, শ্রীদেবী প্রমুখ অভিনেত্রী বিয়ের পর অভিনয় জগত্ থেকে নিজেকে ক্রমেই গুটিয়ে নিয়েছেন। কারিনার বড় বোন কারিশমা কাপুরও বিয়ের পর অভিনয়জগত্ থেকে বিদায় নিয়ে ঘর-সংসারে মনোনিবেশ করেছিলেন, যদিও তার সংসারজীবন সুখের হয়নি। কারিনা কাপুর বিয়ের পর আগের মতো অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখার সংকল্প নিয়েছেন। কিন্তু দর্শক তাকে আগের মতো চাইছে কি-না সেটাও বিবেচনা করতে হবে এক্ষেত্রে। ‘সত্যগ্রহ’ ফ্লপ করেছে। এজন্য কারিনাকে দায়ী করা যায় না। তবে ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটির ফলাফলের মাধ্যমে অনেকটা স্পষ্ট হয়ে যাবে তার বাজার চাহিদা, এটা তার ক্যারিয়ারে এক ধরনের অ্যাসিড টেস্ট বলা চলে।