সব গ্রাহকের তথ্য এনক্রিপশন করবে ইয়াহু

অনলাইনে তথ্যের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে এখন সারাবিশ্বেই চলছে আলোচনা। একদিকে হ্যাকিংয়ের আশংকা, অন্যদিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নজরদারি। এসবকে এড়িয়ে গ্রাহকদের তথ্যকে সুরক্ষিত রাখার জন্য নানা ধরনের উদ্যোগই গ্রহণ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর ধারাবাহিকতায় ইমেইল ও সার্চ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ইয়াহু তাদের গ্রাহকদের তথ্য সংরক্ষণে উদ্যোগী হয়েছে। ইয়াহু’র সকল গ্রাহকের তথ্য তারা আসছে ২০১৪ সালের মার্চ মাসের মধ্যেই এনক্রিপশন করে ফেলবে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের অগোচরেই তাদের গ্রাহকদের তথ্যে মার্কিন সরকারের নজরদারির বিষয়টি প্রকাশিত হওয়ার পরেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেওয়া একটি নথি হাফিংটন পোস্টে ছাপা হলে ইয়াহু ডাটা সেন্টারের মূল কমিউনিকেশন লিংকে মার্কিন সরকারের অ্যাকসেসের বিষয়টি জানাজানি হয়। এরই প্রেক্ষিতে ইয়াহু গ্রাহকদের তথ্যকে সুরক্ষিত রাখতে সব অ্যাকাউন্টের সব ধরনের তথ্য এনক্রিপশন করার সিদ্ধান্ত নিয়েছে। আসছে ২০১৪ সালের জানুয়ারি মাস থেকেই ইয়াহু সব ইমেইল অ্যাকাউন্টের ইমেইল এনক্রিপশন করা শুরু করবে। ইয়াহু’র টাম্বলার ব্লগ অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার জানিয়েছেন, ‘আমি আগেও জানিয়েছি, আবারও বলছি, ইয়াহু কখনই ডাটা সেন্টারে এনএসএ কিংবা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানকে অ্যাকসেসের অনুমতি দেয়নি। কারণ গ্রাহকদের তথ্যের গোপনীয়তাই আমাদের কাছে সবসময় অগ্রাধিকার পেয়ে এসেছে। আর সেটা নিশ্চিত করতেই আমরা আমাদের সকল গ্রাহকের সব ধরনের তথ্য এনক্রিপশন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি এতে করে আমরা আমাদের গ্রাহকদের নিশ্চিন্ত রাখতে পারব।’ ইয়াহু’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকরা। তবে এনক্রিপশন করার ক্ষেত্রে যথাসম্ভব জটিল এনক্রিপশন পদ্ধতি বেছে নেওয়ার আহ্বান তারা জানিয়েছেন ইয়াহু’র প্রতি। গ্রাহকদের তথ্য এনক্রিপশনের প্রক্রিয়া অবশ্য আগেই গ্রহণ করেছে গুগল। গত জুন মাস থেকে তারা জিমেইলের সকল তথ্য এনক্রিপশন করছে। ইয়াহু আশা করছে, অন্যান্য প্রতিষ্ঠানও গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে এনক্রিপশনের দিকে ঝুঁকবে।