ছবি আপলোডে ফেসবুকের চাইতেও এগিয়ে স্ন্যাপচ্যাট
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৩০
ফেসবুকের ৩০০ কোটি ডলারের অফার ফিরিয়ে দিয়ে ক’দিন আগেই আলোচনায় উঠে এসেছে স্ন্যাপচ্যাট। এবারে আবারও আলোচনায় তাদের নাম আর এর সাথেও জড়িয়ে ফেসবুক। মাত্র দুই বছর হলো যাত্রা শুরু করা এই সার্ভিসটি শিরোনামে উঠে এসেছে ফেসবুককে পেছনে ফেলেই। অনেকদিন ধরেই প্রতিদিন ছবি আপলোডের পরিমাণে শীর্ষস্থানটি দখল করে রেখেছে ফেসবুক। বিজনেস ইনসাইডারের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন এখন ফেসবুকে প্রায় ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি ছবি আপলোড করা হয়। স্ন্যাপচ্যাটের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের সার্ভিসে প্রতিদিন ফেসবুকের চাইতে ৫০ মিলিয়ন বা ৫ কোটি ছবি বেশি আপলোড হয়। অর্থাত্, প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ছবি আপলোড হচ্ছে এই সার্ভিসে। ফেসবুকের আপলোডের হিসাবে অবশ্য ইন্সটাগ্রামের ছবিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এত অল্প সময়েই এই সাফল্য তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। আর তাই ফেসবুক বা গুগল’র মতো প্রতিষ্ঠানের কোনো অফারেই তারা আকৃষ্ট হবেন না।