দানবীর রনদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন

উপমহাদেশের প্রখ্যাত দানবীর রনদা প্রসাদ সাহার ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরের সাহাপাড়া ও কুমুদিনী কমপ্লেক্সে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত ১৩ নভেম্বর এ অনুষ্ঠান হয়েছে। জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নারী নেত্রী শ্যামলী নাসরিন। মহান এই দানবীরের জন্মজয়ন্তীকে ঘিরে মির্জাপুর তার নিজ গ্রাম এবং তার নিজের হাতে গড়া মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স এবং নারায়ণগঞ্জে কুমুদিনী কমপ্লেক্সে নানা সাজে সজ্জিত করা হয়েছিল। সকালে প্রার্থনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রোগীদের মধ্যে উন্নতমানের খাবার, দেয়াল পত্রিকা লেখন, ভারতেশ্বরী হোমসে ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, মোমবাতি প্রজ্বলন এবং মির্জাপুর গ্রামে তার কর্মময় জীবনের উপর আলোচনা সভা হয়। কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহার সভাপত্বি বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, প্রভাষক শিবপদ ঘোষ, সাংবাদিক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক সিদ্দিকী, আবু আহম্মেদ ও ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষা প্রতিভা মুত্সুদ্দি প্রমুখ। আলোচনার ফাঁকে ফাঁকে চলে সংগীতানুষ্ঠান।