সরাইল উপজেলা আওয়ামী লীগে কোন্দল চরমে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দলে তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে দলের স্থানীয় নেতাকর্মীরা। এতে ঝিমিয়ে পড়েছে দলীয় কার্যক্রম। এ অবস্থা চলছে গত একবছর ধরে। সূত্র জানায়, গতবছরের ২১ অক্টোবর উপজেলা সদরে দলীয় কোন্দলে খুন হন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল আজাদ। ঘটনার পরদিন তার ছোটভাই একেএম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুরসহ ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে সব আসামি জামিনে মুক্ত রয়েছে। দলীয় সূত্র জানায়, ইকবাল আজাদ হত্যার পর তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে স্থানীয় আ.লীগ। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও সম্পাদক। আর এক অংশের নেতৃত্বে আছেন ইকবাল আজাদের স্ত্রী শিউলি আজাদ এবং অপর অংশের নেতৃত্বে আছেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ ও মনিরউদ্দিন আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ বলেন, এখানে দলীয় কোন্দলের কারণে কোন কর্মসূচিই পালন করা যাচ্ছে না। এ সুযোগে জামায়াত-বিএনপি মাঠে নেমে এসেছে।