ইত্তেফাক ডেক্স

বিভিন্ন স্থানে চারজন খুন

\ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। পাবনা \ পাবনার আতাইকুলা থানা পুলিশ অজ্ঞাত (৪০) এক ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে। গত মঙ্গলবার সকালে আতাইকুলা থানার গনেশপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে আগের রাতে সন্ত্রাসীরা তাকে হত্যার পর গনেশপুর গ্রামের ওই ধান ক্ষেতে মৃতদেহটি ফেলে রেখে গেছে। মামলা হয়েছে। দেলদুয়ার (টাঙ্গাইল)\ দেলদুয়ারে এক সিএনজি চালককে খুন করে সিএনজি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার পাথরাইল শাহীন শপিংমলের পাশে। খুন হওয়া সিএনজি চালকের নাম মতিউর রহমান (২৩), পিতা-মৃত মজিবর রহমান। বাড়ি কালিহাতী উপজেলার গুরিয়া গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই রনজু মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ফুলছড়ি (গাইবান্ধা) \ গাইবান্ধার ফুলছড়িতে গভীর রাতে স্বামী আকালু (২৯) তার স্ত্রী এক সন্তানের জননী রুবি আক্তারকে (২২) পেটে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মহত্যা করার জন্য নিজের পেটে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পরে আহত অবস্থায় ঘাতক স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত আকালু রংপুর মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার গভীর রাতে আকালু এ ঘটনা ঘটিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর \ গাজীপুর মহানগরের টেকনগপাড়া এলাকার একটি ডোবা থেকে বুধবার সকালে এক রড-সিমেন্ট ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শরিফুল ইসলাম (২৫)। তিনি টেকনগপাড়ার মৃতঃ আহম্মদ আলী মন্ডলের ছেলে। দুর্বৃত্তরা তার গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে গেছে বলে তার ধারণা।