পরমাণু চুক্তির জন্য সত্যিকারের সুযোগ এসেছে ঃ পুটিন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে এখন সত্যিকারের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় প্রথম দফা আলোচনা পরবর্তী বৈঠক অনুষ্ঠানের দু’দিন আগে পুটিন ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেছেন। ইরান পারমাণবিক কর্মসূচি আংশিক স্থগিত করলে দেশটিতে নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিচ্ছে ছয় বিশ্বশক্তি। এর মধ্যে রয়েছে রাশিয়াও। ইরান বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ করে আসছে পশ্চিমা বিশ্ব। গত জুনে ইরানে মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে জটিলতা দূর করার আশা জেগে উঠেছে। ইরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সোমবার এক টেলিফোন সংলাপে অংশ নেয়ার পর পুটিন বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সত্যিকারের সুযোগ এ মুহূর্তে সৃষ্টি হয়েছে।